নেইমারকে নিয়ে ভুল করেননি আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৩:৪২
চোট আর ফর্মের কারণে নেইমারের বিশ্বকাপে খেলাটা ছিল সংশয়ের মধ্যে। উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য গত ১৮ মে ঘোষিত ব্রাজিলে স্কোয়াডে নেইমারকে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু নতুন করে চোট পেয়ে দুই থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় সান্তোসের এ ফরোয়ার্ডের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ব্রাজিলের সাবেক ফুটবলারদের অনেকেই বিশ্বকাপে চোটাক্রান্ত নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। ইনজুরি জানা সত্ত্বেও কেন ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারকে নেওয়া হয়েছে এই নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে আনচেলত্তিকেও। তবে বাইরের সমালোচনায় কান না দেওয়া ব্রাজিল কোচ সাফ জানিয়ে দিয়েছেন নেইমারকে বিশ্বকাপে নিয়ে তিনি ভুল করেননি। গতকাল রোববার রাতে পানামার বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে মজাও করেছেন আনচেলত্তি, ‘আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি গাড়ি হতেন। যেহেতু আমি দল ঠিক করেছি, আর সেই ২৬ জনের স্কোয়াডে নেইমার ছিল।’
২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলেননি নেইমার। এর বড় কারণ ছিল চোট আর ফিটনেস সমস্যা। তবে জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাঁকে দলে নেওয়ার জোরালো দাবি ছিল ব্রাজিলিয়ানদের। সে কারণেই নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন আনচেলত্তি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে যোগ দেন নেইমার। তবে পরদিন প্রথম অনুশীলনে অংশ নেননি। ডান পায়ের পেশিতে সমস্যা অনুভব করায় ‘ইমেজিং’ পরীক্ষার জন্য তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। এক দিন পর বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছিল, স্ক্যানে নেইমারের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়েছে। ফলে আগামী প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার পরও নেইমারের বিকল্প নিয়ে ভাবছেন না ইতালিয়ান এ কোচ, ‘সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা মনে করি, সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত হয়ে যেতে পারে। যদি তা নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে। এটা নিশ্চিত যে তাঁর জায়গায় কোনো বিকল্প নেওয়া হবে না।’ ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল।
দল ঘোষণার আগে আনচেলত্তি বলেছিলেন শতভাগ ফিট না থাকা কোনো ফুটবলারকে বিশ্বকাপে নেওয়া হবে না। কিন্তু নেইমার পুরোপুরি ফিট না হয়েও দলে, আর অন্য কয়েকজন ফিট থাকার পরেও বাদ পড়া নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে আনচেলত্তিকে। তবে ব্রাজিলিয়ান এ কোচ বলেছেন নেইমারকে দলে রাখতেই হতো, ‘দল ঘোষণার আগে, আমরা সান্তোসের কাছ থেকে একটি রিপোর্ট পাই যে, তার (নেইমার) সামান্য সমস্যা হয়েছে, কিছুটা ফোলাভাব। পরিস্থিতি সামলানোর জন্য ২৭ মে পর্যন্ত আমরা সান্তোসের ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। নেইমারকে দলে ডাকা হয়েছে কারণ, কোচিং স্টাফের দৃষ্টিকোণ থেকে, তাকে দলে রাখতেই হতো। ২৭ তারিখের পর সিবিএফ নেইমারের পরিস্থিতি নিজেদের হাতে নেয় এবং আমরা সেটাই করেছি। নেইমারের সেরে ওঠার ব্যাপারটি আমাদের তত্ত্বাবধানে হচ্ছে। আমরা বিশ্বাস করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
- বিষয় :
- নেইমার
- কার্লো আনচেলত্তি
- বিশ্বকাপ ফুটবল
