ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ফেভারিট স্পেনের যাত্রা শুরু আজ

ফেভারিট স্পেনের যাত্রা শুরু আজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৮:৪৭

নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু করছে আসরের অন্যতম ফেভারিট স্পেন। আটলান্টায় আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্প্যানিশদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড গরম। তীব্র গরম থেকে বাঁচতে স্পেশাল ভেস্ট পরে অনুশীলন করেছেন লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসরা।

ফ্রান্সের পাশাপাশি এবারের আসরের আরেক হটফেভারিট হলো স্পেন। ইয়ামাল-গাভিরা ২০২৪ সালে দাপটের সঙ্গে লা ফুরিয়া রোজাদের ইউরো জেতানোর পরই নতুন হিসাব শুরু হয়। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন যেন আবার ফিরে এসেছে! বিশ্বকাপ জয়ের পরের তিনটি আসর তাদের ভীষণ বাজে কেটেছে। ২০১৪ সালে গ্রুপ পর্বে বাদ, ২০১৮ ও ২০২২ সালে শেষ ষোলো থেকে ছিটকে যায় তারা। কিন্তু গত ইউরো দিয়ে যেন স্পেনের পুনর্জন্ম হয়েছে। সর্বশেষ ১০ ম্যাচে তারা অপরাজিত, এর মধ্যে সাতটি জয় ও তিনটি ড্র। দুরন্ত ফর্মে থাকা স্পেন যদি আজ কেপ ভার্দের বিপক্ষে জিততে না পারে, তাহলে সেটি হবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন। এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে।

বলা হচ্ছে, এবারের বিশ্বকাপে এই একটি ম্যাচেই কাগজ-কলমে দুই দলের শক্তির পার্থক্যটা সবচেয়ে বেশি। তাই বলে কেপ ভার্দেকে একেবারে অবহেলা করা উচিত হবে না। ক্যামেরুনের মতো দলকে পেছনে ফেলে আফ্রিকা থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আটলান্টিক মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে সার্বিয়া ও বারমুডাকে হারিয়েছে তারা। এর মধ্যে ইউরোপের দেশ সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে তাদের পারফরম্যান্স সবাইকে বেশ অবাক করেছে। 

২০১০ বিশ্বকাপ জয়ের পর স্পেনের পাসিং ফুটবল বোরিং হয়ে দাঁড়িয়েছিল। তবে লুইস ডে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর ম্যাড়মেড়ে পাসিং ফুটবল বাদ দিয়ে অলআউট আক্রমণাত্মক কৌশলে স্পেনকে ভয়ংকর এক দলে পরিণত করেছেন। আর এই আক্রমণাত্মক কৌশল বাস্তবায়নের জন্য একঝাঁক তরুণ প্রতিভা হাতে পেয়ে যান। লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের সমন্বয়ে গড়া আক্রমণভাগ যে দলের রক্ষণ ভেঙেচুড়ে দিতে সক্ষম। দুজনেই অবশ্য ইনজুরিতে ভুগছিলেন। তবে গত সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলন করছেন তারা। আজ তাদের শুরু থেকেই দেখা যেতে পারে বলে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে। তাদের আরেক শক্তির আধার হলো মাঝমাঠ। গাভি ও পেদ্রি নামে দুই তরুণ মিডফিল্ডারের সঙ্গে আছেন দুই পোড় খাওয়া ফুটবলার রদ্রি ও ফ্যাবিয়ান রুইজ।

কেপ ভার্দের অবশ্য কোনো ইনজুরি সমস্যা নেই। আজ স্পেনের বিপক্ষে তাদের আক্রমণভাগের মূল ভরসা হলেন দেশের পক্ষে ৯৭ ম্যাচে ২২ গোল করা ৩৬ বছর বয়সী স্ট্রাইকার রায়ান মেন্ডেজ। ২২ ম্যাচে ৭ গোল করা ডায়লন লিভ্রামেন্টো তাঁর পার্টনার হতে পারেন। রক্ষণে তাদের ভরসা ভিয়ারিয়াল তারকা লোগান কস্তা।

আরও পড়ুন

×