ইরান-নিউজিল্যান্ড
মার্কিন মুলুকে ছড়াবে পারস্যের সুবাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৮:৫৬
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৭০ হাজার। বড় টুর্নামেন্টে ১ লাখ দর্শক একসঙ্গে সেখানে খেলা দেখতে পারেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় ওই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘জি’ গ্রুপের দল ইরান টুর্নামেন্ট শুরু করবে। ইরান-নিউজিল্যান্ড ম্যাচের জন্য কত টিকিট বরাদ্দ, তা ফিফা নিশ্চিত করেনি। তবে কিছু ভিআইপি বাদে অধিকাংশ সাধারণ টিকিট বিক্রির তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম।
ইরানের ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, ফিফা তাদের জন্য ৮ শতাংশ টিকিট বরাদ্দ রাখলেও আয়োজকরা টিকিট নিয়ে নয়-ছয় করছে। বিশ্বকাপ ও প্রতিপক্ষ বিবেচনায় ইরান-নিউজিল্যান্ডের ম্যাচটি নিছক শীতল লড়াই। তবু ইরান ম্যাচের এত টিকিট কাটল কারা? উত্তরে লুকিয়ে আছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। ইরানের খেলোয়াড় ও স্টাফদের ভিসা নিয়ে জটিলতাসহ নানা কারণ রয়েছে। ইরানের সামনে মাঠে সবকিছুর জবাব দেওয়ার সুযোগ। যার সাক্ষী হতে মুখিয়ে আছে ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের দর্শক।
শক্তির বিচারে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ইরান। ফিফা র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে আছে তারা। নিউজিল্যান্ডের অবস্থান টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৮৫ নম্বরে। আগে দুবার বিশ্বকাপ খেলে ছয় ম্যাচের একটিও জিততে পারেনি। এমনকি চলতি বিশ্বকাপে জায়গা পাওয়ার আগে নিজস্ব ফুটবল লিগও ছিল না অল হোয়াইটদের। ইরান অবশ্য বিশ্বকাপে ১৮ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র তিনটি। কখনও নকআউটে পর্বে যেতে পারেনি। তবে টানা চতুর্থ বিশ্বকাপে খেলতে আসায় কিছুটা অভিজ্ঞ তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যে কারণে যুক্তরাষ্ট্র জয়ের আশা করতেই পারেন মেহেদি তারেমি, আলি নামাতিরা। আর জয় দিয়ে শুরু করতে পারলে গ্রুপ ‘জি’ থেকে টিম মেল্লিদের নকআউট পর্বে যাওয়ার দরজাও খুলে যেতে পারে। কারণ গ্রুপসঙ্গী বেলজিয়াম শক্তিশালী হলেও মিসর আছে নাগালের মধ্যে।
যুদ্ধ, জটিলতা পেছনে ফেলে ২৮ বছর পর ইরানের ডাগআউটে দাঁড়ানো দেশি কোচ আমির ঘালিনোয় জানিয়েছেন, তাদের পূর্ণ মনোযোগ মাঠেই থাকবে, ‘আমরা সম্প্রতি অনেক সমস্যার মধ্য দিয়ে গেছি। কিন্তু খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং ত্যাগ স্বীকার করেছে। তাদের ধন্যবাদ প্রাপ্য। এবারের বিশ্বকাপকে স্মরণীয় করার খুব ভালো সুযোগ আছে তাদের সামনে। কারণ দলটি দারুণ টেকনিক্যাল। ম্যাচের কঠিন পরিস্থিতিতে সমাধান বের করার মতো প্রতিভাও আছে আমাদের। অনেক কঠিন পরিস্থিতি পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। আমার লক্ষ্য বিশ্বের কোথাও যেন যুদ্ধ না থাকে, বিশ্বজুড়ে মানুষ যেন ফুটবল উপভোগ করতে পারে। নিজ দেশের পাশাপাশি ফুটবলের বৈশ্বিক ভক্তদের জন্য এটাই আমার প্রার্থনা।’
মার্কিন মুলুকে পারস্যের সুবাস ছড়ানোর পথে নিউজিল্যান্ড দলে আছে এক বাধা। প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্টে খেলা স্ট্রাইকার ক্রিস উড ইরানকে কঠিন সময় উপহার দিতে পারেন। ইনজুরির কারণে মৌসুমে খুব বেশি খেলার সুযোগ হয়নি তাঁর। তবু বার্নলি, নিউক্যাসল, ফরেস্টসহ প্রিমিয়ার লিগের ক্লাবে শত গোল করা সহজ কথা নয়। নিউজিল্যান্ডের সাহস জোগাবে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও।
- বিষয় :
- ইরান
- নিউজিল্যান্ড
- বিশ্বকাপ ফুটবল
