ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

উরুগুয়ের শক্তি পরীক্ষা নেবে সৌদি আরব

উরুগুয়ের শক্তি পরীক্ষা নেবে সৌদি আরব
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৮:৫৪

সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি দিয়ে বিশ্বকাপ আসরে এইচ গ্রুপের ম্যাচ মাঠে গড়াবে। আজ রাতে এশীয় ও লাতিন আমেরিকান দুই ফুটবল শক্তির লড়াইটি অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। র‍্যাঙ্কিং ও বিশ্বকাপ টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে ম্যাচটিতে উরুগুয়ে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াইটি হয়েছিল ২০১৮ বিশ্বকাপে। আট বছর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে লুইস সুয়ারেজের দুর্দান্ত হেডে সৌদি আরবকে ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। আজকের ম্যাচে উরুগুয়ে দলে সুয়ারেজ ও এডিনসন কাভানিরা না থাকলেও দুই দলের শক্তিতে দৃশ্যত হেরফের নেই। কারণ, লাতিন অঞ্চলের বড় দলগুলোতে সব সময়েই প্রতিভাবান খেলোয়াড়ের প্রাচুর্য থাকে।

বিশ্বকাপ অভিজ্ঞতায়ও সৌদি আরবের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। টুর্নামেন্টে ১৫তম বারের মতো অংশগ্রহণ নিশ্চিত করা লাতিন দলটির দুইবার বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়েও তাদের অবস্থান বেশ ভালো– ১৬তম। অন্যদিকে সপ্তমবারের মতো বিশ্বকাপে আসা সৌদি আরবের মাত্র একবারই নকআউট পর্বে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিজেদের সর্বশেষ ছয় ম্যাচের চারটিতে হেরেছে র‍্যাঙ্কিংয়ে ৬১তম অবস্থানে থাকা সৌদি আরব। যে কারণে বিশ্বকাপের মাত্র দুই মাস আগে কোচ হার্ভে রেনার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে জর্জিওস দনিসকে নিয়োগ দেয় মধ্যপ্রাচ্যের দলটি। অন্যদিকে দীর্ঘদিনের কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে অনেকটাই নির্ভার।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেনেগাল, পুয়ের্তো রিকো ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিয়েছে সৌদি আরব। এর মধ্যে সেনেগালের বিপক্ষে গোলশূন্য ড্র, পুয়ের্তো রিকোর বিপক্ষে ১-০ গোলের জয় এবং ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে হেরেছে এশিয়ান দলটি। অন্যদিকে উরুগুয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ইংল্যান্ড ও আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। এর মধ্যে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ১-১ ব্যবধানে এবং আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র করে কোচ বিয়েলসার শিষ্যরা।

এদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে উরুগুয়ে শিবিরের কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে দলের চার খেলোয়াড়ের ইনজুরি। চোটের কারণে হোসে জিমেনেজ, রোনাল্ড আরাউজো, গিওর্গিয়ান ডি আরাসকাইতা, মাতিয়াস ভিনা ও সেবাস্তিয়ান ক্যাসেরেস প্রথম ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন। অন্যদিকে নাওয়াফ আর আকিদি ছাড়া সৌদি শিবিরে চোট সমস্যা নেই। ফিফা টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ মিলিয়ে উভয় দল তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে একটি ড্রর পাশাপাশি উভয় দলই একটি জয় পেয়েছে।

আরও পড়ুন

×