ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সেই সোমালি রেফারিকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা

সেই সোমালি রেফারিকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা
×

সোমালিয়ার তারকা রেফারি ওমর আবদুলকাদির আরতান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:২৯

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার তারকা রেফারি ওমর আবদুলকাদির আরতান। এতে চলমান ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে বঞ্চিত হতে হয়েছে তাকে। তবে তিনি পুরো টুর্নামেন্টের জন্য নির্ধারিত পারিশ্রমিকই পাবেন বলে জানিয়েছে ফিফা।

গত ৬ জুন ইস্তাম্বুল থেকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে এসে পৌঁছান ৩৪ বছর বয়সী আরতান। সেখানে মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগ তাকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে আটকে দেয়। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরতানকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তবে আরতান বলেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি স্পষ্টভাবে জানান, সংগঠনটির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

আফ্রিকান ফুটবলে আরতান বেশ পরিচিত মুখ। গত বছর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) বর্ষসেরা রেফারির পুরস্কার জিতেছিলেন তিনি। এর আগে দুটি আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচ সফলভাবে পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তার। এমনকি গত বছরের ১ জুন কায়রোতে অনুষ্ঠিত ক্যাফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও প্রধান রেফারির বাঁশি ছিল এই সোমালির হাতেই।

আরতানের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবার্গে অনুষ্ঠিতব্য অ্যাস্টন ভিলা ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)‘উয়েফা সুপার কাপ’ ম্যাচটি পরিচালনার জন্য প্রধান রেফারি হিসেবে ওমর আরতানকে নির্বাচিত করেছে উয়েফা।

আরও পড়ুন

×