‘বুড়ো’ বয়সের হ্যাটট্রিকে রোনালদোর বিশ্বরেকর্ড ভাঙলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১১:০১
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে একাই ৩ গোল করে কানসাস মাতিয়েছেন লিওনেল মেসি। বিশ্বমঞ্চে আর্জেন্টাইন অধিনায়কের এটিই প্রথম হ্যাটট্রিক। এটি ফুটবল ইতিহাসের পাতা ওলটপালট করে দেওয়া এক মহাকাব্যিক রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা খেলোয়াড় হলেন মেসি। তার বিশ্বরেকর্ডের আগে ৮ বছর ধরে রেকর্ডটি ছিল পর্তুগাল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে।
ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ মিলল আজ ১৬ জুন। ঠিক ৮ বছর আগে, ২০১৮ সালের ১৬ জুন রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৩ বছর ১৩০ দিন বয়সে করা রোনালদোর সেই হ্যাটট্রিকটিই ছিল এতদিন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের হ্যাটট্রিক রেকর্ড।
কাকতালীয়ভাবে, ৮ বছর পর ঠিক একই তারিখে আলজেরিয়ার বিপক্ষে সেই রেকর্ড নিজের করে নিলেন এলএমটেন। কানসাসের মাঠে যখন মেসি তার প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকটি পূর্ণ করলেন, তখন তার বয়স ৩৮ বছর ৩৫৭ দিন! প্রায় ৩৯ ছুঁইছুঁই বয়সে বিশ্বমঞ্চে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করে মেসি প্রমাণ করলেন, বয়সটা তাঁর কাছে শুধুই একটা সংখ্যা মাত্র।
