ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

রোনালদোর রেকর্ডে পর্তুগালের বড় জয়

রোনালদোর রেকর্ডে পর্তুগালের বড় জয়
×

ছবি- এএফপি

সেকান্দার আলী

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:১৮

পর্তুগালের ফুটবল আকাশ থেকে ঝড়ে পড়া নক্ষত্র মনে করা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কঙ্গোর বিপক্ষে তাঁর ভালো খেলতে না পারা, সমালোচনার আগুনে ঘি পড়ে। গৃহদাহের আগুনে পোড়া একটি বিশ্বকাপ দল মনে করা হচ্ছিল পর্তুগালকে। গত কয়েকটা দিন নেতিবাচক শিরোনামে ছেয়ে গেছে বিশ্ব। সবকিছু দেখেও মুখে কুলুপ এঁটে ছিলেন রোনালদো। কোচ রবার্তো মার্তিনেজ অনেক চেষ্টা করেও সমালোচকদের বোঝাতে পারেননি সব কিছু ঠিকই আছে। গতকাল মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো প্রমাণ করে দিলেন বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি তিনি। হ্যাটট্রিকটা পেয়ে গেলে সমালোচনার জবাব আরও ভালো করে দেওয়া হতো। তবে বিশ্বকাপে রোনালদোর রেকর্ড গড়া ম্যাচটি ৫-০ গোলে জিতেছে পর্তুগাল।

রোনালদো বিশ্বকাপের ময়দানে নেমেছিলেন ইউসেবিয়র রেকর্ড ছোঁয়ার স্বপ্ন নিয়ে। কঙ্গোর বিপক্ষে কাঙ্ক্ষিত সে লক্ষ্যে পৌঁছাতে না পারলেও রেকর্ড গড়েন উজবেকিস্তানের বিপক্ষে। ম্যাচের ৬ মিনিটে চলন্ত বলে দারুণ এক গোল করে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে ছুঁয়ে ফেলেন। বিশ্বকাপে ৯ গোল নিয়ে এতদিন দেশের সেরা ছিলেন সাবেক এ মহাতারকা। ৩৯ মিনিটে আরও একটি গোল করে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হলেন। একটি বিশ্বরেকর্ডও করে ফেলেছেন রোনালদো টানা ছয় বিশ্বকাপে গোল করে। তিনিই টানা ছয় বিশ্বে গোল করা একমাত্র ফুটবলার। ছয়টি বিশ্বকাপ খেলা লিওনেল মেসি গোল করতে পেরেছেন পাঁচটিতে।

রেকর্ড গড়া ম্যাচে দারুণ ছন্দ দেখায় পর্তুগাল। বলের দখলে তারাই ছিল এগিয়ে, ৬৬ শতাংশ। ৬২৪ বার বল আদান-প্রদান করেছে নিজেদের মধ্যে। উজবেকিস্তানের গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছে ১৭ বার। বেশির ভাগ সময় বল টার্গেটে রাখতে পারলেও গোল বের করতে পেরেছে পাঁচটি। এই ১৭ শটের মধ্যে রোনালদোর শট সাতটি, যার দুটিকে গোল বানাতে পেরেছেন। ব্লক হয়েছে একটি। একাধিকবার নিশ্চিত গোলবঞ্চিতও হন তিনি। এই ম্যাচে রোনালদো শুধু ভালোই খেলেননি, বুদ্ধি দিয়ে সতীর্থদের ভালো খেলায় সহযোগিতা করেছেন বেশ কয়েকবার। প্রথম ফ্রি-কিকটি নিজে না নিয়ে ডিফেন্ডার নুনো মেন্দেসকে দিয়ে করান। মূলত এটা একটি ফাঁদ ছিল উজবেকিস্তানের জন্য। সবার চোখ যখন রোনালদোর ওপর, তখন আচমকা নুনোর শট লক্ষ্যভেদী। গোল হওয়ার পর রোনালদো মাথায় আঙুল ঠেকিয় বোঝালেন বুঝিয়ে দেন বুদ্ধিটা তাঁর মাথা থেকেই আসা। ১৭ মিনিটের ওই গোলের পর বিরতির আগে আরও একবার ব্যবধান বাড়িয়ে নেয় ইউরোপের দলটি। রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন ৩৯ মিনিটে। উজবেকরা মাঝে একটি গোল শোধ দিলেও তা বাতিল করা হয় ফাউলের কারণে।

৬০ মিনিটে উজবেকিস্তানের ডিফেন্ডার নেমাতভ আত্মঘাতী গোলে প্রতিপক্ষকে আরও খানিকটা এগিয়ে দেন। ৮৭ মিনিটে শেষ গোলটি করেন রাফায়েল লিয়াও। বিশ্বকাপের ‘কে’ গ্রুপে খেলছে পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচটি কঙ্গোর সঙ্গে ১-১ গোল ড্র করলে পয়েন্ট ভাগাভাগি হয়। গতকাল তাতে যোগ হলো তিন পয়েন্ট। চার পয়েন্ট নিয়ে টেবিল টপারও রোনালদোর পর্তুগাল। এক জয়ে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট তিন। দুই ম্যাচ খেলে পয়েন্টে খাতা খুলতে পারেনি উজবেকিস্তান। পর্তুগালের গ্রুপের শেষ ম্যাচ ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে।

আরও পড়ুন

×