ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

রোনালদোর জোড়া গোল

ইব্রাহিমোভিচ বললেন, ‘এটা গোল করারই ম্যাচ ছিল’

ইব্রাহিমোভিচ বললেন, ‘এটা গোল করারই ম্যাচ ছিল’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৩:২১ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৩:৩২

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো প্রমাণ করে দিলেন বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি তিনি। রোনালদোর নিজেকে ফিরে পাওয়ার সেই ম্যাচটিতে পর্তুগাল জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। মঙ্গলবার রাতে হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচ শেষে ব্রডকাস্টিং ক্যামেরায়ও নিজের ফেরার বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই বললেন, ‘আই আম ব্যাক’।

তবে ক্যামেরার সামনে রোনালদোর বলা ‘আই অ্যাম ব্যাক’ কথাটির সঙ্গে একমত নন জ্লাতান ইব্রাহিমোভিচ। সাবেক এই সুইডিশ তারকা মনে করছেন, রোনালদোর ফিরে আসার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না।

পর্তুগাল ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচের পর ফক্স স্পোর্টসের আলোচনায় দুটি বিষয় নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ইব্রাহিমোভিচ। একটি পর্তুগালের বড় জয়, অন্যটি ক্যামেরার সামনে রোনালদোর করা সেই মন্তব্য।

সুইডেনের হয়ে ৬২টি গোল করা ইব্রার মতে, পর্তুগালের বড় জয় প্রত্যাশিতই ছিল। তিনি বলেন ‘এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।’

সুইডেনের এই তারকা মনে করেন, জোড়া গোলের পর রোনালদোর ‘ফিরে আসার’ ঘোষণাও খুব একটা অর্থবহ নয়। তিনি বলেন, ‘ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও (হারিয়ে) গিয়েছিল। আমি জানি না কেন সে এমন কথা বলল।’

এদিকে অনেক গোল হওয়ার কারণ অবশ্য ব্যাখ্যা করেননি ইব্রাহিমোভিচ। এবারই প্রথম বিশ্বকাপে নাম লিখিয়েছে উজবেকিস্তান। মধ্য এশিয়ার দেশটি নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছেও ৩-১ গোলে হেরেছিল।

আরও পড়ুন

×