ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কার্লোর কৌশলের নাম ‘ধৈর্য ও স্থিরতা’

কার্লোর কৌশলের নাম ‘ধৈর্য ও স্থিরতা’
×

সুমন মেহেদী

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২১:১৯ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ২১:২৪

ব্রাজিলের বিপক্ষে ২৯ মিনিটে জাপানের গোল। উল্লাসে ভাসছেন খেলোয়াড়রা। গ্যালারিতে নীল উন্মাদনা। এই দৃশ্যের সঙ্গে ব্রাজিলের খেলোয়াড়দের হতাশাও ক্যামেরাবন্দী করতে ব্যস্ত সম্প্রচার মাধ্যম। 

মুহূর্তে ক্যামেরা সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তির দিকে ঘুরাতেও ভুল হয়নি। ক্যামেরাবন্দী হওয়া দৃশ্যে দেখা যায়- কার্লো আনচেলত্তির চেহারায় রাগ, ক্ষোভ কিছুই নেই। বরং দুই হাত নেড়ে-চেড়ে পরিষ্কার বার্তা দিলেন- শান্ত হও, শান্ত।  

দ্বিতীয়ার্ধে ডন কার্লো কৌশলগত পরিবর্তন আনেন। লুকাস পাকুয়েতাকে তুলে নামিয়ে দেন স্ট্রাইকার এনড্রিককে। কারণ ভিনির পাশাপাশি অপর প্রান্তে এনড্রিকের গতি ও বল নিয়ে ভেতরে ঢোকার, টাইট স্পেসে শট নেওয়ার ও ক্রস দেওয়ার সামর্থ্য ব্যবহার করতে চাচ্ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।  কার্লোর মাথায় ছিল- ভিনি-এনড্রিক-কুনিয়াকে কড়া মার্কিংয়ে রাখতে জাপান আরও লো ব্লক করবে এবং ক্রস থেকে গোলের জন্য যাবে সেলেসাওরা। 

ডন কার্লোর এই তত্ত্বের সঙ্গে ছিল বার্তাও। তা হলো- আক্রমণ বজায় রেখে খেলো। তবে ধৈর্য ধরে ও মাথা ঠান্ডা রেখে। কোনভাবেই পিছিয়ে পড়ার কারণে মেজাজ হারানো যাবে না, ‘হাফ টাইমে আমি খেলোয়াড়দের বলেছিলাম, একদম মাথা ঠান্ডা রাখো। আগে হোক কিংবা পরে, আমরা গোল পাবোই।’ 

দলের গঠন ও খেলার ধরণ থেকে বিচ্যুত হওয়া যাবে না এবং তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাচ পরিস্থিতি খারাপের দিকে নেওয়া যাবে না, এটাও ছিল ডন কার্লোর বার্তা, ‘আমাদের আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কোন পরিস্থিতিতেই ছাড় দেওয়া যাবে না।’ 

জাপানের বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়ে, শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় গেছে ব্রাজিল। পাড়ো সেলেসাও ভক্তদের এতো টানটান উত্তেজনার ফুটবল ভালো লাগার কথা না। তবে ব্রাজিলের ইতালিয়ান কোচ বলছেন, এটা পরিপূর্ণ ম্যাচ ছিল, ‘এটা একেবারেই পরিপূর্ণ একটা ম্যাচ। জাপান প্রথমার্ধে জায়গা দেয়নি, খুব টাইট ডিফেন্স করেছে। দ্বিতীয়ার্ধে আমরা এটা কাটিয়ে উঠি, কিছু জায়গা বের করি, অবশ্যই কৌশলগত পরিবর্তন ছিল।’ 

এমনকি কার্লো আনচেলত্তি স্থির ছিলেন ব্রাজিলের সমতাসূচক কিংবা লিড নেওয়া গোলের সময়ও। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে নেইমার-অ্যালেক্স সান্দ্রোরা দৌড়ে মাঠে প্রবেশ করলেও কার্লো ছিলেন সুস্থির। জাপানের কোচের সঙ্গে আগে হাত মেলাতে গেছেন তিনি।

ম্যাচ শেষে ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোও সুস্থির ও শান্ত থাকাই জয়ের মূল কারণ বলে উল্লেখ করেছেন, ‘জয়ের পেছনে আমাদের স্থিরতা ও শান্ত থাকাটা বড় ভূমিকা রেখেছে। লো ব্লকে খেলা জাপানকে আমরা ক্রমাগত চাপে রাখতে পেরেছি। ম্যাচে এটাই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, শান্ত থেকে কৌশল অনুযায়ী খেলতে পারলে আমরা গোল পাবো।’ 

আরও পড়ুন

×