কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধ ভেঙে শেষ ষোলোয় আর্জেন্টিনা
মেসির প্রথম লিড এনে দেওয়া গোল। ছবি: এপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৩:১৩ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ০৮:১৮
ছোট দেশ, অল্প জনসংখ্যা, ফিফা র্যাঙ্কিংয়েও বেশ দূরে। তবে এসব ছাড়িয়ে নবাগত দল কেপ ভার্দের পরিচয় বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত তারা। রুখে এসেছে স্পেন-উরুগুয়েকে। বিষয়টি মাথায় নিয়ে নামলেও কেপ ভার্দেকে হারাতে লিওনেল মেসিদের বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধ ভেঙে ৩-২ গোলে জিতেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফেবারিট দল হিসেবে ম্যাচের ২৯ লিড তুলে নেয় আর্জেন্টিনা। গোল করেন দলের ত্রাতা লিওনেল মেসি। দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বক্সে উঁচু করে ভালো এক বল বাড়ান। দারুণ দক্ষতায় তা ধরে দ্রুততার সাথে নিঁখুত শটে জালে পাঠান লিও। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ২০ গোল করার কীর্তি গড়েন। চলতি টুর্নামেন্টে সর্বাধিক ৭ গোলের মালিক হন।
মেসির গোলের উচ্ছ্বাস নিয়ে আলবিসেলেস্তেরা প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সমতা ফেরে কেপ ভার্দে। আকাশি-সাদা রঙে ছাউয়া মায়ামি স্টেডিয়ামের গ্যালারিতে নিস্তব্ধতা আনেন দেরয় দুয়ার্তে। বক্সের কোণ থেকে দারুণ এক শট নিয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করেন তিনি।
নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচ দুই অর্ধে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সেখানে শুরুতে গোল পেয়ে যায় লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা। কর্ণার থেকে আসা কিকে আলতো মাথা ছোঁয়ান মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। সেখান থেকে বক্সে একটু পেছনে ফাঁকায় দাঁড়ানো ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ বল পান। তিনি সময় নিয়ে জোরের ওপর বাঁ পায়ের শট নিয়ে জালে বল পাঠান। ২-১ গোলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা জোরালো হয়।
কিন্তু নাহুয়েল মলিনা, ডি পলরা ওই লিডও ধরে রাখতে পারেননি। ম্যাচের ১০৩ মিনিটে আরেকটি দুর্দান্ত কামব্যাক দেখায় কেপ ভার্দে। সিডনি লোপেজ কাবরাল বক্সের সামান্য ভেতর থেকে কোণাকুণি জোরের ওপর শট নেন। গোলরক্ষক মার্টিনেজ লম্বা লাফ দিলেও বারের একেবারেই ওপরের পাশ ঘেষে জালে চলে যায়। যা ফেরানোর সাধ্য কোন গোলরক্ষকেরই ছিল না। সিডনি লোপেজের গোলটি টুর্নামেন্টের সেরার স্বীকৃতি পাওয়ার মতো।
ম্যাচ যখন ২-২ গোলের সমতায়; আলবিসেলেস্তে ভক্তদের মাথায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণের শঙ্কা তখনই নিজেদের পায়ে কুড়ালটা মারে কেপ ভার্দে। ম্যাচের ১১১ মিনিটে আত্মঘাতী গোল হজম করে। শেষ পর্যন্ত ওই গোলই কেপ ভার্দে হারলেও গোলের কৃতিত্ব অবশ্য ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরা আর্জেন্টিনার ডিফেন্ডার রোমেরোর। তার দেওয়া হেড দিক বদল করে চলে যায় কেপ ভার্দের জালে।
আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়েও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথমবার বিশ্বকাপের নকআউট থেকে শেষ ষোলোয় জায়গা পাওয়া মোহামেদ সালাহ, ওমর মারমৌশের মিসরের মুখোমুখি হবেন মেসি-ডি পলরা।
- বিষয় :
- মেসি
- আর্জেন্টিনা
- কেপ ভার্দে
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
