ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

স্কালোনি বুঝলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’

স্কালোনি বুঝলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৭:৫১

ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, জনসংখ্যা মাত্র কয়েক লাখ। ফিফা র‍্যাংকিংয়েও আর্জেন্টিনার ধারেকাছেও নয়। কিন্তু বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দে যে কতটা ভয়ংকর প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে নকআউটে ওঠা আফ্রিকার এই দলটি শেষ পর্যন্ত লিওনেল মেসিদেরও কঠিন পরীক্ষায় ফেলেছিল।

দুবার এগিয়ে গিয়েও কোনো সময়ই স্বস্তিতে থাকতে পারেনি লিওনেল স্কালোনির দল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দের দুর্দান্ত প্রতিরোধ ভেঙে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বলে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জালে পাঠান লিওনেল মেসি। এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম।

মেসির গোলের পরও আলবিসেলিস্তেদের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে দুবার সমতায় ফেরে কেপ ভার্দে। আর্জেন্টাইন রক্ষণভাগকে একের পর এক চাপে ফেলে আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে স্বস্তির জয় নিশ্চিত করে স্কালোনির শিষ্যরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘ম্যাচটি অবিশ্বাস্য রকম কঠিন ছিল। মানুষ যখন বলে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, সেটি একদম সত্যি। আজ মাঠে আমরা আবারও তার প্রমাণ দেখলাম। কেপ ভার্দেকে অভিনন্দন। তারা দেখিয়ে দিয়েছে, তারা কতটা সংগঠিত, লড়াকু এবং শক্তিশালী একটি দল।’

দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘কঠিন সময়েও ইতিবাচক দিক খুঁজে নিতে হয়। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো, এই দলটি কখনো হাল ছেড়ে দেয় না। ম্যাচ যত কঠিনই হোক, ছেলেরা শেষ পর্যন্ত লড়ে যেতে জানে।’

কেপ ভার্দের কঠিন বাধা পেরিয়ে এবার শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ৭ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে সালাহ-মারমুশদের বিপক্ষে মাঠে নামবেন মেসি-ডি পলরা।

আরও পড়ুন

×