যুক্তরাষ্ট্রের বৃত্ত ভাঙার লড়াই বেলজিয়ামের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০৯:৪৪
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আসরে প্রথম বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। ৯৬ বছর আগে ৩-০ গোলে জিতে শুভসূচনা করেছিল তারা। আক্ষেপের বিষয় এরপর আরও ছয়বার দুই দল মুখোমুখি হয়েছে। কিন্তু আর একবারও জিততে পারেনি ডোনাল্ড ট্রাম্পের দেশটি। ছয়বারই জিতেছে বেলজিয়াম। ঘরের মাটিতে পরাজয়ের এ বৃত্ত ভাঙতে নামবে আজ যুক্তরাষ্ট্র। সিয়াটল স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
এই ছয় জয়ের মধ্যে বেলজিয়াম বিশ্বকাপে সর্বশেষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে। ব্রাজিল বিশ্বকাপে ২-১ গোলে জেতা সেই ম্যাচটি খেলা মিডফিল্ডার এক্সেল উইটসেল বেলজিয়ামের বর্তমান বিশ্বকাপ স্কোয়াডেও আছেন। বর্ষীয়ান এ মিডফিল্ডার অবশ্য গত চার ম্যাচে এখনো মাঠে নামার সুযোগ পাননি। তবে নিজের অভিজ্ঞতালব্ধ পরামর্শ দিয়ে দলকে সহায়তা করছেন।
এক যুগের আগের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ভীষণ পাগলাটে একটি ম্যাচ ছিল। সেদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা এখনও স্পষ্ট মনে আছে আমার। ম্যাচের শেষ দিকে আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়, এবারও তেমন একটি ম্যাচই হবে। তাদের সমর্থকে গ্যালারি পূর্ণ থাকবে। তবে আমরা জয়ের জন্য ঝাঁপাব।’
শেষ ৩২-এ সেনেগালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকা অবস্থায়ও দলকে সহায়তা করেছিলেন উইটসেল। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জেতা অতিরিক্ত সময়ে গড়ানো এ ম্যাচে সেদিন ডাগআউটে রেড ডেভিলস কোচ রুডি গার্সিয়া মিডফিল্ডার উইটসেলের সঙ্গে কথা বলছিলেন, যা অনেকেরই চোখে পড়েছিল। টানটান উত্তেজনাপূর্ণ সে জয়ের পর উইটসেলের কাছে কোচের সঙ্গে কী কথা হয়েছিল, তা জানতে চাইলে উত্তর দেন, ‘কোচ আমার ভাবনা জানতে চেয়েছিলেন। তখন আমি তাঁকে বলেছিলাম, আমাদের আরেকটু আগ্রাসী হওয়া উচিত। তাদের ওপর আরেকটু চাপিয়ে খেলা উচিত। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে আমরা এ কাজটা করতে পেরেছিলাম।’ এ জয়ে বেলজিয়াম বেশ উদ্দীপ্ত হয়ে উঠেছে বলেও মনে করছেন উইটসেল।
তবে যুক্তরাষ্ট্রও এবার দারুণ ফর্মে আছে। মাউরিসিও পচেত্তিনোর অধীনে চমৎকার খেলছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের কাছে হেরে গেলেও এর আগে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়েকে হারিয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছিল। এরপর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে এসেছে স্বাগতিকরা। তবে যুক্তরাষ্ট্রের জন্য দুঃসংবাদ হলো গুরুত্বপূর্ণ এ ম্যাচে তারা পাচ্ছে না ইনফর্ম স্ট্রাইকার ফোলোরিন বালাগোনকে। বসনিয়ার বিপক্ষে দলের প্রথম গোলটি করার পর লাল কার্ড দেখেছিলেন এ তারকা। তিন গোল করে যুক্তরাষ্ট্রের এত দূর আসার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। তাঁর অনুপস্থিতিতে স্বাগতিকদের সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন রিকার্দো পেপি। জাতীয় দলে ৪১ ম্যাচে ১৩ গোল করেছিলেন এ স্ট্রাইকার। এ ছাড়া মার্ক ম্যাকেঞ্জি, ক্রিশ্চিয়ান রোলড্যানও চোটে ভুগছেন। তবে তিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ, সার্জিও ডেস্ট ও টেইলর এডামস ফিট হয়ে উঠেছেন। বেলজিয়ামের ডিফেন্ডার জেনো ডেবাস্ট পায়ের চোটের কারণে অনিশ্চিত।
