ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে যা বললেন আর্জেন্টিনা কোচ

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে যা বললেন আর্জেন্টিনা কোচ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১২:০৩

সম্প্রতি ফুটবল বিশ্বে একটাই আলোচনা, আর্জেন্টিনাকে নাকি বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা। এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণেই অনেকেই আর্জেন্টিনার হার দেখতে চান। আর সে কারণেই ভিত্তিহীন নানা অভিযোগ ছড়ানো হচ্ছে।

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানে জয়ের পর রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। মিসরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে ফিফার কাছে অভিযোগও জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এমন দাবিও করেছেন, লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি।

এসব সমালোচনার জবাবে স্কালোনি বলেন, ‘আমরা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাই অনেক মানুষই চায় আমরা হেরে যাই। বিষয়টি আমরা জানি এবং সেটি আমাদের খেলোয়াড়দের মনেও প্রভাব ফেলে।’

তবে এই সমালোচনাকেই দল বাড়তি অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বলে জানান আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘মাঠের বাইরের এসব মন্তব্যই আমাদের জন্য বাড়তি জ্বালানি। এগুলো আমাদের আরও ঐক্যবদ্ধ করে এবং মাঠে নিজেদের প্রমাণ করার তাগিদ বাড়িয়ে দেয়।’

এ ধরনের অভিযোগ নতুন নয় বলেও মনে করিয়ে দেন স্কালোনি। তিনি বলেন, ‘১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরও অনেকে বলেছিল আমরা নাকি বিশেষ সুবিধা পেয়েছি। তাই এসব কথা নতুন কিছু নয়। আর্জেন্টিনা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। বড় দল জিতলে সমালোচনাও হয়, এটাই স্বাভাবিক।’

ভিএআর প্রযুক্তির যুগে ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্কালোনি। তার ভাষ্যে, ‘এখন ভিএআর রয়েছে। এমন প্রযুক্তির যুগে কোনো নির্দিষ্ট দলকে রেফারির মাধ্যমে সুবিধা দেওয়া খুবই কঠিন। বিশ্বকাপ শুরুর আগে আমাদের নিয়মগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। রেফারিরা সেই নিয়মই অনুসরণ করছেন।’

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাসে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্কালোনির দলের পুরো মনোযোগ এখন পরের ম্যাচেই।

আরও পড়ুন

×