ফ্রান্সকে হারিয়ে ফুয়েন্তে বললেন, ‘স্পেন সবকিছু পাওয়ার যোগ্য’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:০৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৩:০৬
তারকাখচিত ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বুধবার রাতে ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা স্পেন দিদিয়ের দেশমের দলকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি। এমন দাপুটে জয়ের পর নিজের দলকেই বিশ্বের সেরা বলে দাবি করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা প্রায় চার বছর আগে একটি পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমরা সেই পরিকল্পনার প্রতি অবিচল থেকেছি এবং আজ তা আমাদের এখানে (ফাইনালে) নিয়ে এসেছে।’
এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল স্পেন। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্সকে সেমিফাইনালের মঞ্চে নিখুঁত কৌশলে নিষ্ক্রিয় করে দেয় স্পেন। এমন দাপুটে জয়ের পরও ফ্রান্সকে সমীহ করেছেন স্প্যানিশ কোচ। পাশাপাশি নিজেদের সেরা দল উল্লেখ করে দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দলটি। এটাই পার্থক্য।’
২০২২ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে নতুন পরিচয়ে গড়ে তুলেছেন দে লা ফুয়েন্তে। তার অধীনেই ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। এবার ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে পা রাখল স্প্যানিশরা। এ নিয়ে টানা তিন বছরে তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারাল তারা।
এদিকে বিশ্বকাপের ইতিহাসে এটি স্পেনের দ্বিতীয় ফাইনাল। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল তারা।
দীর্ঘ ১৬ বছর পর স্পেনকে আবার বিশ্বকাপের ফাইনালে তোলার অনুভূতি জানাতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘এই খেলোয়াড়রা সবকিছু পাওয়ার যোগ্য। প্রতিদিন তারা তাদের প্রতিশ্রুতি, ঐক্য, উদারতা ও প্রতিভার প্রমাণ দিয়েছে। তারা কঠিন কাজগুলোকে সহজ করে ফেলে।’
- বিষয় :
- স্পেন
- ফ্রান্স
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- সেমিফাইনাল