আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে কোন দলকে চায় স্পেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৪:০০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৪:১১
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ফাইনালের মঞ্চ ইতোমধ্যে তৈরি করে ফেলেছে স্পেন। এখন প্রতিপক্ষের অপেক্ষায় স্প্যানিশরা। ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী ২০ জুলাই ফাইনালের মহারণে মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে সেই ম্যাচের আগে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন স্পেন কোচ।
বুধবার ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির দ্বৈরথে শেষ হাসি হেসেছেন লুইস দে লা ফুয়েন্তে। এদিন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর ফাইনালের মঞ্চে পা রেখেছে স্প্যানিশরা।
ম্যাচ শেষে স্প্যানিশ কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান তিনি? জবাবে দে লা ফুয়েন্তে জানান, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা যে দলই প্রতিপক্ষ হোক না কেন, ম্যাচটি অত্যন্ত কঠিন হবে। তার মতে, দুটি সেমিফাইনালই ফাইনালের আগে ‘আগাম ফাইনাল’।
এ সময় স্পেন কোচ বলেন, ‘আমরা কোনো পছন্দ-অপছন্দের অবস্থানে নেই। আমাদের কাছে দুটোই সমান। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল এক নয়। ইউরোপীয় ফুটবল আর লাতিন ফুটবলের ধরন আলাদা।’
আর্জেন্টিনার সঙ্গে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে স্কালোনির (আর্জেন্টাইন কোচ) সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে ভালো লাগবে। এটা আমার জন্য সত্যিই দারুণ আনন্দের ও রোমাঞ্চের হবে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে।’
এদিকে ইংল্যান্ডের প্রশংসা করে স্পেন কোচ বলেছেন, ‘অবশ্য ইংল্যান্ডের ফুটবলীয় শক্তির প্রতিও আমার গভীর শ্রদ্ধা রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আমি ইংল্যান্ডকে অন্যতম দাবিদার বলেছিলাম। তবে যে-ই আসুক, আমরা তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত।’
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। আরও স্পষ্টভাবে বললে স্কালোনির প্রশিক্ষক ছিলেন স্প্যানিশ কোচ। স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে স্কালোনিসহ বর্তমানের প্রখ্যাত অনেক কোচকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ফুয়েন্তের।
এদিকে চার সেমিফাইনালিস্ট দলেরই সামর্থ্যের প্রশংসা করেছেন ফুয়েন্তে। তার ভাষ্য, ‘আমরা বলছিলাম স্পেন-ফ্রান্স ম্যাচটি আগাম ফাইনাল হতে পারে। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি আরেকটি আগাম ফাইনাল। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে এসেছে, এটা বিশ্বকাপের ইতিহাসে বিরল। এটাই প্রমাণ করে যে এই টুর্নামেন্টের মান কতটা উঁচুতে।’