স্পেন-আর্জেন্টিনা: এক ফাইনালে ‘দুই’ শিরোপা
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৯:৫৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ২০:০৫
দুই বছর আগে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনি জুটির আর্জেন্টিনা। দুই বছর আগে স্পেনও সাফল্যে দেখা পেয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে লা রোজারা।
উয়েফা ও কনমেবলের সমঝোতা চুক্তি অনুযায়ী, ইউরো ও কোপা আমেরিকা জয়ী দল একটি ম্যাচ খেলবে। যার নাম দেওয়া হয়েছে ফিনালিজিমা। বিশ্বকাপের ঠিক আগে গত মার্চে কোপা জয়ী আর্জেন্টিনা ও ইউরো জয়ী স্পেনের ওই ম্যাচ খেলার কথা ছিল।
কিন্তু নানা কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ওই ম্যাচে কোপা ও ইউরো জয়ী দুই দল মুখোমুখি হচ্ছে। যার অর্থ বিশ্বকাপের ফাইনাল দিয়ে বাতিল হওয়া সেই ফিনালিজিমাও অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্পেন ও আর্জেন্টিনার ফিনালিজিমা খেলার কথা ছিল এক বছর আগের জুনে। কিন্তু স্পেন ওই সময় ম্যাচটি খেলতে রাজি হয়নি। সংবাদ মাধ্যম দাবি করেছিল, বিশ্বকাপ নিশ্চিত না হওয়া পর্যন্ত স্পেন ফিনালিজিমা খেলতে রাজি হয়নি। যে কারণে ম্যাচটির সূচিতে সমন্বয় করা হয়।
বিশ্বকাপের আগে মহড়া ম্যাচ হিসেবে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচটি মার্চে কাতারে হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধাবস্থার কারণে ম্যাচটি আর আয়োজন সম্ভব হয়নি। কাতারে ওই সময় স্পেন ও আর্জেন্টিনার মতো দলের ম্যাচ আয়োজনের সাহস কিংবা ঝুঁকি ফিফা, উয়েফা কিংবা কনমেবল দেখায়নি।
তবে জানানো হয়েছিল, বিশ্বকাপের আগে একটা ফাঁকা সময় বের করে ম্যাচটি আয়োজন করা হবে। কিন্তু ক্লাব ফুটবলের অতি ব্যস্ত সূচির কারণে ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি। বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে তাই একপ্রকার ফিনালিজিমার সুরাহাও হয়ে যাবে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬