কৃষক কার্ডের নামে দুর্নীতি হবে, বঞ্চিত থাকবে প্রকৃত কৃষক: নাহিদ
কুড়িগ্রাম শহরের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২১:০১ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ২১:২৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ডের মাধ্যমে কিছু অর্থ সহায়তা দেওয়া হলেও তা কৃষকদের প্রকৃত সমস্যার সমাধান করবে না। বরং কৃষক কার্ডের নামে দুর্নীতি হবে। এই কার্ডের সুবিধা প্রকৃত কৃষকের বদলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে চলে যেতে পারে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা কৃষক কার্ডের বিপক্ষে নই। কিন্তু কার্ডের টাকায় কৃষকদের চাহিদা পূরণ হবে না। হারিয়ে যাওয়া দেশীয় বীজ সংরক্ষণ কিংবা কীটনাশকের অপব্যবহারের মতো সমস্যার সমাধানও হবে না। কৃষক কার্ডের নামে দুর্নীতি হবে। এর সুবিধা কৃষক দল, যুবদল ও শ্রমিক দলের কাছে যাবে। প্রকৃত কৃষকের কাছে পৌঁছাবে এমন কোনো নিশ্চয়তা নেই।
তিনি বলেন, উত্তরাঞ্চলের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য বর্তমান সরকার দূর করতে পারেনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করেও কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, উত্তরাঞ্চল থেকে অধিকাংশ বিরোধী দলের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সরকার পরিকল্পিতভাবে কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলকে উন্নয়ন বাজেট থেকে বঞ্চিত রেখেছে। বড় কোনো উন্নয়ন প্রকল্প বা বাজেট বরাদ্দ এ অঞ্চলের জন্য দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরাঞ্চলের সন্তান আবু সাঈদ প্রথম বুকের রক্ত দিয়েছেন। এই অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। বৈষম্য আমরা মেনে নেব না।
সমাবেশ শেষে জাতীয় কৃষক শক্তির সাত সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ দলীয় নেতাকর্মীরা।
- বিষয় :
- কুড়িগ্রাম
- এনসিপি
- নাহিদ ইসলাম