ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

কলকাতায় খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও

কলকাতায় খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৭:৩৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৭:৫৪

ভারত সফরে যেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী অক্টোবরে কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে তারা একটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। ম্যাচটি আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

২০২৬ বিশ্বকাপে ভারতে ব্রাজিল ফুটবল দলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা সিবিএফ কর্মকর্তাদের নজর কেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার ব্রাজিল সমর্থকদের উদযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সেখানে সরাসরি ম্যাচ খেলার তাগিদ অনুভব করে সেলেসাও কর্তৃপক্ষ।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, ফিফার নতুন ‘সুপার উইন্ডো’ ক্যালেন্ডার অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে সেলেসাওদের। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে চারটি ম্যাচ খেলার সম্ভাবনার কথা বিবেচনা করেছিল সিবিএফ। এ ক্ষেত্রে বাংলাদেশও আলোচনায় ছিল। তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে শেষ পর্যন্ত তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। 

ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হলে তা শহরটির ফুটবলের সমৃদ্ধ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। এর আগে ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে খেলে গিয়েছিলেন ফুটবলের রাজা পেলে। এছাড়া পরবর্তীতে দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিও মাতিয়ে গেছেন তিলোত্তমা শহরটিকে।

এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা ভারতের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের ঘোষণা দেয়নি। তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

আরও পড়ুন

×