প্রিমিয়ার লিগে একঝাঁক নতুন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৩:২৭
২১ আগস্ট রাত ১টায় আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট এই লিগ কিন্তু এবার মাঠে গড়ানোর একটা রেকর্ড করে বসেছে। লিগের ইতিহাসে এবারই প্রথম সবচেয়ে বেশি নতুন কোচ নিয়ে শুরু হতে যাচ্ছে মৌসুম। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ছাড়া তারকা কোচ নেই বললেই চলে প্রিমিয়ার লিগে।
আসন্ন মৌসুমে মোট ৯টি ক্লাবে নতুন কোচ দেখা যাবে। লিগের উদ্বোধনী সপ্তাহে একসঙ্গে এত ক্লাবের ডাগআউটে নতুন কোচ কখনও দেখা যায়নি। ২০১৬-১৭ মৌসুমের শুরুতে আটটি ক্লাবে নতুন কোচ দেখা গিয়েছিল। ২০১২-১৩ মৌসুমে ছয়টি ক্লাব নতুন কোচ নিয়ে লিগ শুরু করে। এবার লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসলসহ প্রায় অর্ধেক ক্লাব নতুন কোচ নিয়ে লিগ শুরু করছে। লিভারপুল হুটহাট কোচ পরিবর্তন করে না। কোচকে পর্যাপ্ত সময় দেওয়া ক্লাবটির ঐতিহ্য। আর যোগ দিয়েই লিগ শিরোপা এনে দেওয়ায় মনে হচ্ছিল আর্নে স্লট লম্বা সময়ের জন্যই অ্যানফিল্ডে থাকছেন। গত মৌসুমের মাঝামাঝিতে লিভারপুল টানা হারতে থাকার পরও ডাচ এ কোচের ওপরই আস্থা দেখিয়েছিল লিভারপুল বোর্ড। কিন্তু বাজে পারফরম্যান্স থেকে দলকে বের করে আনতে না পারায় এবং সমর্থকদের ক্ষোভের কারণে আর্নে স্লটকে বরখাস্ত করা হয়। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ হারে লিভারপুল এবং ৬০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে লিগ শেষ করে তারা। এ ব্যর্থতার কারণেই আর্নে স্লটকে বরখাস্ত করে বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলাকে দায়িত্ব দেয় লিভারপুল। স্প্যানিশ এ কোচ কি পারবেন অলরেডদের দিন ফেরাতে?
পেপ গার্দিওলা গত মৌসুমের শেষ দিকে অনেকটা আচমকাই ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টানেন। তাঁর জায়গায় গত মৌসুমের মাঝপথে চেলসি থেকে বরখাস্ত হওয়া এনজো মারেস্কাকে দায়িত্ব দিয়েছে ম্যানসিটি। অথচ গত মৌসুমে চেলসিকে ক্লাব বিশ্বকাপ জিতিয়ে ছিলেন ইতালিয়ান এ কোচ। তাঁকে বিদায় করে লিয়াম রোসেনারিকে দায়িত্ব দিয়েছিল ব্লুজরা। কিন্তু তিনিও মৌসুম শেষ করতে পারেননি। সাফল্যের জন্য উন্মুখ চেলসি এবার নিয়োগ দিয়েছে বায়ার লেভারকুজেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোকে। আর চুক্তির মেয়াদ শেষে লিভারপুলের দায়িত্ব নেওয়া ইরাওলার জায়গায় বোর্নমাউথ নিয়োগ দিয়েছে জার্মান কোচ মার্কো রোজকে।
পর্তুগিজ কোচ ভিত্তোর পেরেইরাকে বিদায় করে অস্ট্রিয়ান অলিভার গ্লাসনারকে দায়িত্ব দিয়েছে নটিংহাম ফরেস্ট। আর গ্লাসনারের জায়গায় ফরাসি কোচ পিয়েরে সেজকে নিয়োগ দিয়েছে ক্রিস্টাল প্যালেস। মার্কো সিলভার চুক্তি শেষ হওয়ার পর নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে ফুলহাম। আর কিয়েরন ম্যাককেনের পদত্যাগের পর নতুন কোচ হিসেবে গ্যারি ও’নিলকে বেছে নিয়েছে ইপসুইচ টাউন। নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এডি হাউ। জার্মান কোচ ম্যাথিয়াস ইয়াইসলে ম্যাগপাইদের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে। ৩৮ বছর বয়সী এ কোচকে কেন্দ্র করে নিউক্যাসলকে নতুনভাবে দাঁড় করাতে চাইছেন ক্লাবটির সৌদি মালিকরা। ইয়াইসলে সর্বশেষ সৌদি ক্লাব আল আহলির কোচ ছিলেন।
| ক্লাবের নাম | নতুন কোচ |
| ম্যানসিটি | এনজো মারেস্কা |
| লিভারপুল | আন্দোনি ইরাওলা |
| চেলসি | জাবি আলোনসো |
| বোর্নমাউথ | মার্কো রোজ |
| নিউক্যাসেল | ম্যাথিয়াস ইয়াইসলে |
| নটিংহাম ফরেস্ট | অলিভার গ্লাসনার |
| ক্রিস্টাল প্যালেস | পিয়েরে সেজ |
| ফুলহাম | আলভারো আরবেলোয়া |
| ইপসুইচ | গ্যারি ও’নিল |
- বিষয় :
- ইংলিশ প্রিমিয়ার লিগ