তানজিদ-ব্রুককে পেছনে ফেলে আইসিসির মাসসেরা গ্রিভস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৮:০৯
জুলাই মাসে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে পেছনে ফেলেছেন তিনি।
জুলাইয়ে দুই টেস্টে ২১৫ রান করেন গ্রিভস, গড় ৭১.৬৬। পাশাপাশি বল হাতে নেন ৮ উইকেট, বোলিং গড় মাত্র ১০.২৫। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে তারৌবা টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ওয়ানডেতে দুই ম্যাচে ৩২ রানও করেছেন তিনি।
পুরস্কার জিতে গ্রিভস বলেন, ঘরের মাঠে জুলাই মাসটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। ব্যাট ও বল হাতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে অবদান রাখতে পারায় এই অর্জন আরও বিশেষ হয়ে উঠেছে বলেও জানান তিনি।
এদিকে জুলাইয়ে বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছিলেন তানজিদ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে ১৫৯ রান করেন তিনি, গড় ৫৩ এবং স্ট্রাইক রেট ৮৯.৮৩। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরও ১৪০ রান করেন তানজিদ। তাঁর গড় ছিল ৭০, স্ট্রাইক রেট ১২৭.২৭। অর্থাৎ দুই সিরিজ মিলিয়ে জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৯ রান করেন এই ওপেনার।
অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি ব্রুকও জুলাইয়ে ছিলেন দুর্দান্ত। ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে ৩১ রান করলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেন ২২৯ রান। তাঁর গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করে সিরিজসেরার পুরস্কারও জেতেন ইংলিশ অধিনায়ক।