পিএসজির একাধিপত্যে ভাগ বসাবে কে!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১৬:৫১
‘লিগ ওয়ান’ শিরোপা কী পিএসজির জন্য বাঁধাধরা ব্যাপার হয়ে গেছে? অবস্থাদৃষ্টে তো তেমনই মনে হচ্ছে। নাসের আল খেলাইফির নেতৃত্বে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই) প্যারিসের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর টানা লিগ ওয়ান শিরোপা জিতে চলেছে তারা। ব্যতিক্রম ঘটেছিল ২০১৬-১৭ মৌসুমে।
কিলিয়ান এমবাপ্পে, রাদামেল ফ্যালকাও, ফ্যাবিনহো, বার্নার্দো সিলভাদের ম্যাজিক্যাল মোনাকো শিরোপা জিতেছিল। ২০২০-২১ মৌসুমেও চমক দেখিয়ে লিলে জিতে নিয়েছিল লিগ ওয়ান শিরোপা। গত ১৪ মৌসুমে ওই দুইবার ছাড়া পিএসজি একচেটিয়া জিতেছে লিগ শিরোপা। এবারও তাদের একাধিপত্য চলবে নাকি মোনাকো লিলের মতো কারও উত্থান হবে!
বাংলাদেশ সময় রাতে পৌনে ১টায় মার্শেই-স্ট্রাসবার্গ ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে লিগ ওয়ানের নতুন মৌসুম। শিরোপাধারী পিএসজি মাঠে নামবে রোববার রাত পৌনে ১টায়। তাদের প্রতিপক্ষে রেনেস। পিএসজির আধিপত্য এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে গত মৌসুমে তারা ম্যাচ বেছে বেছে পছন্দ সই খেলোয়াড় মাঠে নামিয়েছে। আরও সুনির্দিষ্ট করে বললে, লিগ ওয়ানের মাত্র ৩৯ শতাংশ ম্যাচে পিএসজি তাদের সেরা পাঁচ খেলোয়াড় মার্কুইনহোস, আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ, জোয়াও নেভেস ও উসমান দেম্বেলেকে মাঠে নামিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের জন্য তাদের তরতাজা রাখতেই কোচ লুইস এনরিখে এভাবে লিগের ম্যাচে বিশ্রাম দিয়ে তাদের খেলিয়েছেন। অনেকের মতে, পিএসজির টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম রহস্য এটি। এভাবে খেলার পরও ৬ পয়েন্টের ব্যবধানে গত মৌসুমে শিরোপা জিতেছে।
- বিষয় :
- পিএসজি