মেসির অনুষ্ঠানে ভোগান্তি, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৫:১০
লিওনেল মেসিকে দেখতে গিয়ে ভোগান্তির শিকার হওয়া প্রায় ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বছরের ১৩ ডিসেম্বর আর্জেন্টাইন তারকাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার পর থেকেই টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন দর্শকেরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দর্শকদের অর্থ ফেরতের বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার আগে প্রশাসনিক ও আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
মেসির উপস্থিতিকে ঘিরে ওই অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়েছিল। একপর্যায়ে ভিড় ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আয়োজকদের। নির্ধারিত সময়ের তুলনায় অনেক আগেই অনুষ্ঠানস্থল ছাড়েন মেসি।
পরে মেসির পক্ষ থেকে জানানো হয়েছিল, নিরাপত্তা ও প্রটোকল ভঙ্গের কারণে নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে অনেক দর্শক টিকিটের অর্থ ফেরতের দাবি তোলেন। বিভিন্ন প্রতিবেদনে ওই অনুষ্ঠানের টিকিটের দাম ৪ হাজার থেকে ৬ হাজার রুপি পর্যন্ত ছিল বলে জানানো হয়।
এবার সেই দর্শকদের অর্থ ফেরতের উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি তুলে ধরতে গিয়ে মেসিকে দেখতে আসা এক ডেলিভারিকর্মীর কথাও উল্লেখ করেন তিনি। মেসিকে একনজর দেখার আশায় ওই ব্যক্তি সারা বছরের সঞ্চয় খরচ করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়কে দেখতে গিয়ে কেলেঙ্কারি হয়েছে। মেসির বিরাট জনপ্রিয়তা। বিশেষ করে তরুণ প্রজন্ম ৬-৮ হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতারিত হয়েছে। একজন খাবার সরবরাহকারী কর্মীও সেদিন মেসিকে দেখবেন বলে সারা বছরের জমানো টাকা খরচ করেছিলেন। সেই টাকাও যাতে ফেরত দিতে পারি, আমরা চেষ্টা করছি।’
ঘটনাটি নিয়ে পরবর্তী সময়ে তদন্ত ও আইনি জটিলতাও তৈরি হয়। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরেও তদন্ত চলছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর পাশাপাশি তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
- বিষয় :
- লিওনেল মেসি
- কলকাতা
- ভারত