‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে বাকরুদ্ধ হয়ে যাবেন’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৭:৩৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৮:৪৭
লিওনেল মেসির বয়স ৩৯ ছুঁইছুঁই, তবু মাঠে তার দাপট যেন কমার নামই নেই। রোববার মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করে ইন্টার মায়ামিকে ৭-১ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার এমন পারফরম্যান্সের পর প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিলের্মো হয়োস।
মন্ট্রিয়েলের বিপক্ষে প্রথমার্ধে ফ্রি কিক থেকে গোল করে শুরু করেন মেসি। বিরতির পর আরও একবার জাল খুঁজে নেন তিনি। ৮৩ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে পূর্ণ করেন হ্যাটট্রিক। যোগ করা সময়ে আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে নিজের চতুর্থ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে অষ্টমবার এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন মেসি। সবশেষ ২০২০ সালে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি। এমএলএসে ৭২ ম্যাচে ২০ বার এক ম্যাচে একাধিক গোল করার কীর্তিও গড়েছেন মেসি।
এমন পারফরম্যান্সের পর মেসিকে নিয়ে মায়ামি কোচ হয়োস বলেন, ‘ফুটবলের এই সৌন্দর্যের বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। তার খেলায় এত কিছু ঘটে যে শব্দগুলো খুবই কম পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, তিনি সাধারণ কোনো ফুটবলার। একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তাকে বিশ্লেষণ করতে গেলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন।’
মেসির সঙ্গে এবার একই দলে খেলছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। সতীর্থ হিসেবে আর্জেন্টাইন তারকার জাদু উপভোগ করতে পেরে তিনিও উচ্ছ্বসিত। কাসেমিরোর মতে, মেসি দলে থাকায় মায়ামি আরও শক্তিশালী। ‘তিনি এখনও সেরা। তাঁর সঙ্গে আমরা অনেক বেশি শক্তিশালী। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ তিনি এমন একজন খেলোয়াড়, যিনি ইতিহাস গড়েন,’ বলেন কাসেমিরো।
- বিষয় :
- লিওনেল মেসি
- ইন্টার মায়ামি