আসিয়ান কাপের আগে ছয় ফুটবলারকে বাদ দিলেন ডুলি
ছবি- বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৮
আসন্ন আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পের তালিকায় পরিবর্তন এনেছেন প্রধান কোচ থমাস ডুলি। প্রাথমিক দলে থাকা ছয় ফুটবলারকে আর রাখেননি তিনি। বাদ পড়াদের মধ্যে আছেন কাজেম শাহ, তাজ উদ্দিন, ইসা ফয়সাল, রাব্বি হোসেন রাহুল এবং প্রবাসী দুই ফুটবলার ইয়াসির তাহমিদ হাসান ও দেবজিৎ সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
এতে সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোর চলমান ক্যাম্পের ২৮ সদস্যের আপডেটেড তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বাদ পড়া ছয়জনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা আর বাকি অনুশীলন কার্যক্রমে থাকছেন না।
কেন এই ছয়জনকে বাদ দেওয়া হলো, তার ব্যাখ্যাও দিয়েছেন ডুলি। তার মতে, সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়ে চূড়ান্ত দল গঠন করতে গিয়ে পারফরম্যান্সের পাশাপাশি প্রতিটি পজিশনের ভারসাম্য ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় নিতে হচ্ছে। ডুলি বলেন, একই পজিশনে খেললেও সব ফুটবলারের ভূমিকা এক নয়। বিশেষ করে মিডফিল্ডে ৬, ৮ ও ১০ নম্বরের খেলোয়াড়দের দায়িত্ব আলাদা। তাই শুধু একই জায়গায় খেলেন বলেই দুজনকে তুলনা করা যায় না। কাজেম শাহ ও সোহেল রানার ক্ষেত্রেও বিষয়টি একইভাবে দেখছেন তিনি।
ছয়জনের মধ্যে কাজেম, তাজ ও ইসা ফয়সাল সর্বশেষ সান মারিনো সফরেও দলের সঙ্গে ছিলেন। সেই সফরে সান মারিনোর বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন ইসা ফয়সাল। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে আসা এই ফুলব্যাকের জন্য আসন্ন আসিয়ান কাপের ক্যাম্প থেকে বাদ পড়া তাই হতাশার।
এদিকে প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ হাসান ও দেবজিৎ সরকারকে সম্প্রতি জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ডুলি। দুজনই ক্যাম্পে অনুশীলন করেছেন এবং প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন। তবে আপডেটেড তালিকায় তাদের রাখা হয়নি।
আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় শুরু হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নামবে ডুলির দল।
- বিষয় :
- থমাস ডুলি
- বাংলাদেশ ফুটবল
- বাফুফে
- আসিয়ান কাপ