এক দিনে ছয়টি ইভেন্ট থেকে বিদায় আরচারদের
নাগোয়া, জাপান থেকে সাখাওয়াত হোসেন জয়
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩২
প্রত্যাশার পারদটা ছিল আকাশচুম্বী। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে বিস্তর ফারাক, তা আইচি নাগোয়ায় অনুধাবন করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। শুটিংয়ের পর বাংলাদেশের আরেকটি সম্ভাবনাময় ইভেন্ট আরচারিও ব্যর্থ এশিয়ান গেমসে। পদক তো দূরের কথা; রিকার্ভ কিংবা কম্পাউন্ড– কোনো বিভাগেই তীরন্দাজরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারেননি।
দলগত এবং কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের পর গতকাল রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টেও ব্যর্থতার গল্প লিখেছেন আব্দুর রহমান আলিফ-রামকৃষ্ণ সাহারা। এক দিনে দলগত ছয়টি ইভেন্ট থেকে বিদায় নেয় লাল-সবুজের দলটি।
মঙ্গলবার শিমু আক্তার ফিলিস্তিনের রাশাকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে পরাজিত করেন। ১/১৬ স্টেজে চীনের জুয়ের কাছে আবার সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারেন তিনি। এই ইভেন্টে বাংলাদেশের চমক ছিল ১৪ বছর বয়সী সায়মা সালাউদ্দিন। তিনি প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে পরাজিত করেন। প্রি-কোয়ার্টারে ভারতের প্রতিপক্ষ আনিলের কাছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারেন।
রিকার্ভ পুরুষ ইভেন্টে আব্দুর রহমান আলিফ ৬-০ সেট পয়েন্টে থাইল্যান্ডের তানাকর্নকে পরাজিত করেন। পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ান আরচার লির বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান তিনি। আর রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে বাই পেলেও পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হারেন।
টঙ্গীতে প্রতিনিয়ত নির্বিঘ্নে অনুশীলন করে আসছেন আরচাররা। তার পরও দলটি পেল না প্রত্যাশিত সাফল্য। এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যর্থতায় হতাশ আরচারি কোচ মার্টিন ফ্রেডরিক, ‘এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। আমি সত্যিই খুব হতাশ। কারণ, আমাদের লক্ষ্য ছিল আরও দূরে, বিশেষ করে টিম ইভেন্ট নিয়ে আমার আশা ছিল। আমি হতাশ হয়েছি, তারা কেউই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি।’
দলগত ইভেন্টের মতো ব্যক্তিগত পর্যায়েও হতাশ করেছেন আব্দুর রহমান আলিফ-রামকৃষ্ণ সাহারা, বিশেষ করে কেউই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে না পারায় ব্যথিত হয়েছেন আরচার কোচ। তাঁর মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে তীরন্দাজরা নার্ভাস ছিলেন বলেই এটা হয়েছে। এর সঙ্গে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ আরচারিতে অনেক পিছিয়ে আছে বলে মনে করেন ফ্রেডরিক, ‘ভারতে ১০ হাজারের মতো আরচার আছে। সে হিসাবে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ আরচার আছে। আর এই খেলার জন্য ভারত সরকার আলাদা বিনিয়োগও করে। বাংলাদেশেও বিনিয়োগ করা হয়, তবে ভারতের মতো নয়।’
- বিষয় :
- খেলা
- এশিয়ান গেমস