নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৮:২৭
নান্দাইলে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—চরবৈতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে রাফী (২) এবং শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছরের মেয়ে জান্নাত। সম্পর্কে তারা দুজনই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি-নাতনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্বজনদের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে শিশু দুটি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পেছনে অন্যদের সঙ্গে খেলাধুলা করছিল তারা। একপর্যায়ে সবার অজান্তে পাশে থাকা পুকুরে পড়ে যায় দুই শিশু।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করেন। দুই শিশুর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। ছোট শিশুদের প্রতি আরও বেশি নজর রাখার বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু