ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ

শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ
×

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:১৯ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:৩৬

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অভিযোগ ঘিরে সমালোচনা শুরু হলে সংসদ সদস্য পদ থেকে মিষ্টিকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। তিনি পদত্যাগ করায় বিকালে ২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়।

শূন্য আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কেও অনুরোধ করেছে সংসদ সচিবালয়।

ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি আসন পায়। এরমধ্যে একটি শূন্য হলো পাঁচ মাসের মাথায়।

বিএনপির বাইরে জামায়াতের জোট থেকে ১৩টি ও স্বতন্ত্র জোট থেকে একটি আসন পেয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন দিয়ে আসনটি পূরণ করা হবে।” 

তিনি জানান, এ শূন্য আসনের উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এ নির্বাচন কমিশনার বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে।

আরও পড়ুন

×