ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জামালপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জিলা স্কুল

জামালপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জিলা স্কুল
×

ছবি- সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:২৬ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:৩০

জামালপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জিলা স্কুল। রানার্সআপ হয়েছে ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা মো. রাশেদুজ্জামান রিফাত।

বৃহস্পতিবার জামালপুর উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ জামালপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর উচ্চ বিদ্যালয়, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও কোয়ার্ক পাবলিক স্কুল, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন এবং যুক্তি দিয়ে চিন্তা করার সক্ষমতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ায়েছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন-অর-রশিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী। সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশের সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসেন। সমন্বয় করেন সমকাল জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু।

দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর যুক্তিনির্ভর ও প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে। যুক্তি-পাল্টা যুক্তির মধ্য দিয়ে জমে ওঠে প্রতিযোগিতা। শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

আরও পড়ুন

×