ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‘ডমিস্টিক-থ্রি’ টুর্নামেন্ট

তালহা নয়, প্রধান কোচ হান্নান

তালহা নয়, প্রধান কোচ হান্নান
×

হান্নান সরকার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৮

‘ডোমিস্টিক-থ্রি’ টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফটের নিয়ম উল্টে গেছে কয়েক ঘণ্টার মধ্যে। নিয়ম অনুযায়ী ড্রাফটের প্রথম ডাক ছিল প্রধান কোচ বেছে নেওয়ার। সেভেন রিংস সিমেন্টের পছন্দের কোচ ছিল তালহা জুবায়ের। সন্ধ্যার পর জানা গেল তালহা নয়, হান্নান সরকার দলটির প্রধান কোচ। সেভেন রিংসের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

হান্নান সরকার সমকালকে জানান, দল থেকে তাঁকে প্রধান কোচের পদ দেওয়া হয়েছে। যদিও বিসিবি টুর্নামেন্ট কমিটি এ ব্যাপারে কিছু বলেনি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও ম্যানেজার আবু ইমাম মো. কাউসার ফোন না ধরায় দুই কোচের পজিশন পরিবর্তনের বিষয়ে বিসিবির অবস্থান জানা যায়নি। ড্রাফট থেকে তালহা জুবায়েরের সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হয় হান্নান সরকারকে। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রধান কোচ হান্নানের আপত্তির কারণে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেয় সেভেন রিংস সিমেন্ট। 

এই একটি বিষয় ছাড়া বাকি কোচিং স্টাফ মনোনয়নে নিয়মের ব্যত্যয় ঘটেনি। ড্রাফটের শুরুতে সোহেল ইসলামকে প্রধান কোচ হিসেবে বেছে নেয় ব্লুস্টার। ক্রিকেটার নুরুল হাসান সোহান, কোচ সোহেল ইসলাম বলতে গেলে বসুন্ধরার ঘরের ছেলে। সেভাবে জুটি সাজিয়েছে তারা। একমি গ্রুপ নিয়েছে রাজিন সালেহকে। মোহামেডানের চ্যাম্পিয়ন কোচ মিজানুর রহমান বাবুলে আস্থা রেখেছেন সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। 

ফরচুন বরিশালের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আর ওয়ালটন গ্রুপ প্রধান কোচ করেছে জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। ব্লুস্টারের সহকারী কোচ সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। ওয়ালটনে তুষার ইমরান ও ডলার মাহমুদ, সিটিজেনস ব্যাংকে নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম, একমির তারেক আজিজ ও ফয়সাল হোসেন ডিকেন্সকে, ফরচুন গ্রুপে মোহাম্মদ আশরাফুল ও আবদুল করিম জুয়েল। সেভেন রিংস সিমেন্টে তালহা জুবায়ের ও হুমায়ুন কবীর শাহীন সহকারী কোচ। 

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানকে নিয়েছে ফরচুন গ্রুপ। বিপিএলে ফরচুন বরিশালে ছিলেন তিনি। এনামুল হককে ওয়ালটন গ্রুপ, দেলোয়ার হোসেন শিবাকে সেভেন রিংস সিমেন্ট, জয় বিশ্বাসকে ব্লুস্টার, আবু রেজা শরিফুলকে একমি গ্রুপ আর খায়রুল ইসলামকে সিটিজেনস ব্যাংক নিয়েছে ফিজিও হিসেবে। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচদের মধ্যে রুবায়েত হক ব্লুস্টারে, তুষার কান্তি হাওলাদার একমিতে, মনিরুজ্জামান ফরচুন গ্রুপে, ইফতেখারুল ইসলাম ইফতি সেভেন রিংস সিমেন্টে, আসলাম খান ওয়ালটনে ও কালাইন আশিস সিটিজেনস ব্যাংক দলে কাজ করবেন। 

পারফরম্যান্স অ্যানালিস্ট ব্লুস্টারে জুলফিকার আলি, সেভেন রিংসে জাহানে আলম, ফরচুনে এমদাদুল হক, সিটিজেনে অনিক নেওগী, একমিতে সন্দীপ কুমার, ওয়ালটনে নাসির আহমেদ। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হলো বাংলাদেশে।  

আরও পড়ুন

×