রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অশান্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৫:৫৫
কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদে অস্বস্তি বাড়ছেই। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ফরাসি এ সুপারস্টার। চোট পাওয়ার পরই রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো কড়া নির্দেশ জারি করেন ক্লাবে এসে পুনর্বাসন করার জন্য। কিন্তু এমবাপ্পে থোড়াই কেয়ার করেছেন কোচের নির্দেশ। সুইজারল্যান্ডে সাইক্লিং করেছেন, প্যারিসে নাইট ক্লাবে গেছেন; শুধু তাই নয়– এসবের ছবিও দিয়েছেন সামাজিক মাধ্যমে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মরিনহো। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টও এই ছবি দেখার পর তাঁর সমালোচনা করেছে।
ফরাসি ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে অনুশীলন শুরু করেছেন এমবাপ্পে এবং রিয়ালের আগামী ম্যাচেই তাঁকে পাওয়া যাবে। তবে চোটে পড়ার পর হোসে মরিনহোর ক্লাবে ফেরার নির্দেশ উপেক্ষা করে বান্ধবী স্প্যানিশ অভিনেত্রী এস্তের এক্সপোসিতোকে নিয়ে প্যারিসের নাইট ক্লাবে গিয়েছেন। এর আগে সুইজারল্যান্ডের আল্পস পর্বতে সাইক্লিংও করেন। হাসিমুখে সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। অথচ গত মাসেই মরিনহো রিয়ালের খেলোয়াড়দের সাইক্লিং করতে নিষেধ করেছিলেন।
এক সাক্ষাৎকারে পর্তুগিজ এ কোচ একজন ফুটবলারের জীবন কেমন হওয়া উচিত সে নির্দেশনাও দিয়েছিলেন, ‘একজন ফুটবলারকে ২৪ ঘণ্টা এটা মাথায় রাখতে হবে– সে যে ফুটবলার এটা তাঁর প্রতিটি কাজে প্রতিফলিত হতে হবে। খাওয়ার সময়, কোনো কিছু পান করার সময়, ঘুমানোর সময়, এমনকি ব্যক্তিগত জীবন আচরণেও এটা মানতে হবে। স্কি করা যাবে না, সাইক্লিং করা যাবে না। কারণ, সাইকেল থেকে পড়ে গেলে চোট পেতে পারে। এমনকি পা ভেঙে যেতে পারে। কাজেই ফুটবলার হলে এমন অনেক কিছু বাদ দিতে হবে।’
স্প্যানিশ গণমাধ্যমের খবর, নিষেধ করার পরও এমবাপ্পের এমন আচরণ ভালোভাবে নেননি মরিনহো। এমনকি রিয়াল মাদ্রিদের একটি বড় অংশও এমবাপ্পের ওপর নাখোশ। বিশেষ করে চোটের সময় তাঁর কর্মকাণ্ডকে ক্লাবের প্রতি দায়বদ্ধতার অভাব হিসেবে চিহ্নিত করছেন তারা। রিয়াল-ঘনিষ্ঠ স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ তো এমন কর্মকাণ্ডে রিয়ালে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েই শঙ্কিত। গত দুই বছর রিয়ালের কোনো শিরোপা না জেতার পেছনে এমবাপ্পের ক্লাবের প্রতি দায়বদ্ধতার অভাবকেই সামনে আনছেন।
স্প্যানিশ গণমাধ্যম ‘লে’কিপ’ও জানিয়েছে, ১১১ ম্যাচে ৯৪ গোল করার পরও গত দুই বছর রিয়াল কোনো শিরোপা না জিততে পারায় দায় আকারে-ইঙ্গিতে এমবাপ্পের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। ফরাসি গণমাধ্যম আরএমসির সাংবাদিক দানিয়েল রায়োলার শঙ্কা, রিয়ালের এত বিধিনিষেধ ও গুমোট পরিবেশ এমবাপ্পেকে মানসিকভাবে অসুস্থ করে দিতে পারে।
- বিষয় :
- কিলিয়ান এমবাপ্পে