ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইকরামকে ফিরিয়ে স্বস্তি বাংলাদেশের, লিটনের রেকর্ড

ইকরামকে ফিরিয়ে স্বস্তি বাংলাদেশের, লিটনের রেকর্ড
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১২:৪০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১৬:৫১

আক্রমণে ফিরেই উইকেটের দেখা পেলেন এবাদত হোসেন। তার বলে ইকরাম আলী খিলকে ফিরিয়ে আফগানিস্তানের প্রতিরোধে ধাক্কা দিয়েছেন এই পেসার। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নিয়ে বড় অবদান রেখেছেন লিটন দাসও। তাতে লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। লাঞ্চ বিরতিতে আতাল ও ইসমত আলম ক্রিজে আছেন। বাংলাদেশের জয়ের জন্য এখনও ৬ উইকেট প্রয়োজন, আর আফগানিস্তানকে করতে হবে আরও ২৭৬ রান।

চতুর্থ উইকেটে সেদিকউল্লাহ আতালের সঙ্গে ১৪৭ বলে ৬৬ রানের জুটি গড়েছিলেন ইকরাম। এবাদতের লেগ স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে ব্যাটের কানায় লাগান তিনি। বলের গতিপথ বুঝে এক পাশে সরে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচটি নেন লিটন। ৬৯ বলে পাঁচটি চারে ৩৩ রান করে ফেরেন ইকরাম।

এই ইনিংসে আফগানিস্তানের চার ব্যাটারই ক্যাচ দিয়ে ফিরেছেন, আর চারটি ক্যাচই নিয়েছেন লিটন। সব মিলিয়ে এই টেস্টে তার ডিসমিসাল এখন ৯টি। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস ও ৯টি ডিসমিসালের কীর্তি গড়েছেন তিনি।

এর আগে এবাদতের বলে ইকরামের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে বল লেগ স্টাম্পের ওপর দিয়ে যাওয়ায় সেই রিভিউ কাজে আসেনি। পরে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন আতাল।

চোটে মাঠ ছাড়লেন শহীদি

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয় হাশমতউল্লাহ শহীদি ও সেদিকউল্লাহ আতালকে নিয়ে। আগের দিন শেষে শহীদি ১৯ ও আতাল ৩৫ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় শহীদিকে। মিরাজের বলে সিঙ্গেল নেন আতাল। রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো এসে লাগে হাশমতউল্লাহ শহীদির পায়ের প্যাডে।

এরপর খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় ২০ রানে ব্যাট করা এই বাঁহাতি ব্যাটারকে। গতকালও পায়ের সমস্যায় ভুগেছিলেন তিনি। মাঠে ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি আফগান অধিনায়ক। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন শহীদি। তার জায়গায় ক্রিজে এসেছেন ইকরাম আলী খিল।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দুটি উইকেট নিয়েছেন এবাদত হোসেন, একটি হাসান মাহমুদের। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। আফগানিস্তানের সামনে লক্ষ্য ৪৭৯ রান, জিততে হলে করতে হবে আরও ৩৪৭ রান। ড্র করতে হলেও পুরো দিন ব্যাটিং করতে হবে স্বাগতিকদের।

এর আগে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। পরে অধিনায়ক রহমত শাহ ও সেদিকউল্লাহ আতালের ৮২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে দিনের শেষ ভাগে রহমতকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন এবাদত হোসেন। ১২৪ বলে ৫১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দেন আফগান অধিনায়ক।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করায় ১০৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। ২০১ বলে ১৪৯ রানের জুটি গড়েন দুজন। ১১৭ বলে ১৪ চারে ১০২ রান করেন লিটন। মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আরও পড়ুন

×