অবশেষে আতালের প্রতিরোধ ভাঙলেন তাইজুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১৭:৫০
অবশেষে সেদিকউল্লাহ আতালের দীর্ঘ প্রতিরোধ ভাঙলেন তাইজুল ইসলাম। ৩৩২ বলের ধৈর্যশীল ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন আফগানিস্তানের এই ব্যাটার। তাইজুলের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আতাল। ৩৩২ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রান করেন তিনি। তার দৃঢ় ব্যাটিংয়েই ম্যাচ বাঁচানোর লড়াইয়ে টিকে ছিল আফগানিস্তান। তার বিদায়ে আফগানিস্তানের ৭ম উইকেটের পতন হল। এখন বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট।ওভার বাকি ২১টি।
১১৯ ওভারে আফগানিস্তানের রান ৭ উইকেটে ২৮২। ক্রিজে ইয়ামিন আহমাদজাইয়ের সঙ্গী কাইস আহমাদ।
শহিদীকে ফিরিয়ে জয়ের আশা বাড়ালেন মিরাজ
মিরাজের দুর্দান্ত বোলিংয়ে আবুধাবি টেস্টে জয়ের আশা জোরালো হচ্ছে বাংলাদেশের। দ্বিতীয় সেশনে দুই উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলেছে টাইগাররা।
দ্বিতীয় সেশনে ২৯ ওভার খেলে ৬২ রান তুলেছে আফগানিস্তান। হারিয়েছে দুই উইকেট। মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হাশমতউল্লাহ শহিদী। ৩৬ রান করেন তিনি।
বর্তমানে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৬৫ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২১৪ রান। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি চার উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা।
আতালের সেঞ্চুরি, ক্রিজে ফিরেছেন হাশমতউল্লাহ
২৭৭ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন সেদিকউল্লাহ আতাল। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটেও এটাই প্রথম। এরপর ইসমতের প্রতিরোধ ভাঙেন মিরাজ। তা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ইসমত ৬০ বলে করেন ৪ রান। তার বিদায়ে উইকেটে এসেছেন আগে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া হাশমতউল্লাহ শহীদি। দুজনের ব্যাটে ড্রয়ের পথে এগোচ্ছে আবুধাবী টেস্ট।
সুযোগ হাতছাড়া লিটনের, বাংলাদেশের মাথাব্যথা আতাল
তাইজুল ইসলামের বলে স্টাম্পিংয়ের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না লিটন দাস। জীবন পেয়ে ক্রিজে আরও দৃঢ় হয়েছেন সেদিকউল্লাহ আতাল। তার ধীরস্থির ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর পথে এগোচ্ছে আফগানিস্তান।
আবুধাবি টেস্টের শেষ দিনে ৯০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২১ রান করেছে আফগানরা। ২৫৩ বল মোকাবিলা করে ৮৩ রানে অপরাজিত আছেন আতাল। অন্য প্রান্তে ইসমত আলম ৩৮ বল খেলেও এখনো রানের খাতা খুলতে পারেননি।
ম্যাচের এই পর্যায়ে আফগানিস্তানের লক্ষ্য সময় কাটিয়ে ড্র নিশ্চিত করা। অন্যদিকে, বাংলাদেশের প্রয়োজন দ্রুত উইকেট তুলে নেওয়া। আতালের ব্যাটিংয়ের সঙ্গে লিটনের হাতছাড়া সুযোগ মিলিয়ে এখন চাপ বাড়ছে বাংলাদেশের ওপর।
এর আগে আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয় হাশমতউল্লাহ শহীদি ও সেদিকউল্লাহ আতালকে নিয়ে। আগের দিন শেষে শহীদি ১৯ ও আতাল ৩৫ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় শহীদিকে। মিরাজের বলে সিঙ্গেল নেন আতাল। রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো এসে লাগে হাশমতউল্লাহ শহীদির পায়ের প্যাডে। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন শহীদি। তার জায়গায় ক্রিজে আসেন ইকরাম আলী খিল।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করায় ১০৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। ২০১ বলে ১৪৯ রানের জুটি গড়েন দুজন। ১১৭ বলে ১৪ চারে ১০২ রান করেন লিটন। মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান
- লিটন দাস