ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাকায় বসছে নারী হ্যান্ডবল নেশন্স ট্রফি, খেলবে চার দেশ 

ঢাকায় বসছে নারী হ্যান্ডবল নেশন্স ট্রফি, খেলবে চার দেশ 
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:১৬

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবলের আসর আইএইচএফ নেশনস ট্রফি। আগামী ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। টুর্নামেন্টে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবারের আসরটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজন করা হচ্ছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে প্রতিযোগিতা। ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে ২১ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের লড়াই। পরদিন স্বর্ণপদকের জন্য মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট।

বাংলাদেশ দলের অধিনায়ক ইসমেতারা নিশি ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি জানান, এবার প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছে দল। তবে নেপাল ও মালদ্বীপের উন্নতির কথা মাথায় রেখে সব প্রতিপক্ষকেই গুরুত্ব দিচ্ছেন তারা।

বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া বলেন, শুধু এই টুর্নামেন্ট জেতাই তাদের লক্ষ্য নয়, ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোর জন্যও দলকে প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রতিপক্ষের বর্তমান শক্তি সম্পর্কে ধারণা পাওয়া কঠিন হলেও প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা জানান, প্রায় তিন মাসের প্রস্তুতির পর ৯০ জনের প্রাথমিক তালিকা থেকে ১৭ জনকে চূড়ান্ত করা হয়েছে। পাঁচটি দলের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আফগানিস্তান ও ইয়েমেন আসছে না। যুদ্ধ পরিস্থিতির কারণে ইয়েমেন অংশ নিতে পারছে না। অন্যদিকে, আফগানিস্তান দলের কয়েকজন খেলোয়াড়ের পাসপোর্টসংক্রান্ত জটিলতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ।

আগামী এসএ গেমসকে সামনে রেখে এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। আগের দুই আসরে নেপালের কাছে হারার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভালো করার প্রত্যাশা ফেডারেশনের। ১৮ অক্টোবর সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও থাকছে।

আরও পড়ুন

×