সেইফার্ট-ফিলিপসের ঝড়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:২১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:২৭
টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল বাকি থাকতে লক্ষ্য পেরিয়ে যায় তারা। প্রথম তিন ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে সিরিজ শেষ করল কিউইরা। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি কিউইদের। ফিন অ্যালেন ২ রান করে ফিরলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টিম সেইফার্ট ও ড্যারিল মিচেলের জুটি। ১৬ বলে ২৯ রান করে মিচেল আউট হওয়ার পর সেইফার্টের সঙ্গে যোগ দেন গ্লেন ফিলিপস। দুজনের ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে আসে নিউজিল্যান্ডের।
৩৪ বলে ফিফটি পূর্ণ করা সেইফার্ট শেষ পর্যন্ত ৫০ বলে ৯৩ রান করে ফেরেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে আগ্রাসী ছিলেন ফিলিপসও। মাত্র ২৯ বলে অর্ধশতক পূর্ণ করে ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। আটটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। বেভন জ্যাকবস ১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দ্রুত ফিরলে দলকে সামাল দেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ভারত। মাত্র ৩২ বলে ৬১ রান করেন ঈশান। অন্যদিকে ২৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন শ্রেয়াস। তাদের বিদায়ের পর নামান ধীরের ২৩ বলে ৩৩, নীতিশ কুমার রেড্ডির ১৭ বলে ২২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান তোলে ভারত।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম মিলনে। ১৯ রান খরচায় চারটি উইকেট নেন তিনি। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার পান দুটি করে উইকেট।
- বিষয় :
- ভারত
- নিউজিল্যান্ড