ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

মিরাজের পর কনকাশন বদলি তাইজুল

মিরাজের পর কনকাশন বদলি তাইজুল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৬:১৭ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০৬:১৮

ইন্দোর টেস্টের একাদশে ছিলেন মেহেদি মিরাজ এবং তাইজুল ইসলাম। কিন্তু প্রথমবার বাংলাদেশের ইডেন গার্ডেনে খেলা টেস্টে একাদশে জায়গা পাননি এই দু'জন। দিবা-রাত্রির এবং গোলাপি বলের টেস্ট খেলতে না পারায় হয়তো তাদের আক্ষেপ ছিল।

কিন্তু কনকাশনের নিয়ম তাদের সেই খেদ আপাতত মেটাচ্ছে। মাথায় আঘাত পাওয়ায় কনকাশন নিয়ম অনুযায়ী কলকাতা টেস্টে বদলি হিসেবে নেমেছেন মেহেদি মিরাজ এবং তাইজুল ইসলাম।

কলকাতা টেস্টে বাংলাদেশ তিন পেসার এবং এক স্পিনার নিয়ে খেলছে। প্রথম টেস্টের দলে না থাকা নাঈম হাসান এ ম্যাচে মেহেদি মিরাজের জায়গায় একাদশে ঢোকেন। এছাড়া পেসার আল আমিন হোসেন একাদশে ঢোকেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায়।

কিন্তু একাদশে না থেকেও ২৪তম ওভারে ব্যাট করতে নামেন মেহেদি মিরাজ। কারণ বাংলাদেশ ইনিংসের ২১তম ওভারে মোহাম্মদ শামির বলে পুল খেলতে গিয়ে হেলমেটে বল এসে লাগে লিটনের। এরপর ক'বল খেলে গেলেও পরে আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি লিটন। তাকে হাসপাতালে নিতে হয়েছে বলে জানা গেছে। লিটনের বদলি হিসেবে প্রথম ইনিংসে ইবাদত আউট হওয়ার পর ব্যাট করতে নামেন মেহেদি মিরাজ। তিনি ৮ রান করে আউট হন।

পরে স্পিনার নাঈম হাসানের বদলি হিসেবে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় মাঠে নামেন তাইজুল ইসলাম। নাঈম হাসানও ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান। মোহাম্মদ শামির একটি বাউন্স তার হেলমেটে এসে লাগে। তিনি পরে ইশান্ত শর্মার বলে ১৯ রানে বোল্ড হন। কিন্তু ফিল্ডিংয়ে নামার সময় তিনি পুরোপুরি ফিট অনুভব না করায় তাইজুল ইসলামকে দ্বিতীয় কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয়।

আরও পড়ুন

×