ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

তামিম-মুশফিকের 'ভাঙা-গড়ার' খেলা

তামিম-মুশফিকের 'ভাঙা-গড়ার' খেলা
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:২৪

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে মধুর এক 'ভাঙা-গড়ার' খেলা দেখা গেল। খেলাটা দ্বিতীয় ইনিংসেও চলার সম্ভাবনা থেকে গেল। বোঝা গেল সুস্থ প্রতিযোগিতার এই খেলাটা চলবে সামনের সিরিজগুলোতেও।

সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল শুরুতেই আউট হয়ে ফিরে যান। সাজঘরে ফেরার আগে করেন মাত্র ৯ রান। ওই রান করতেই টেস্টে বাংলাদেশের পক্ষে মুশফিককে ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তামিম। থামেন ঠিক ৪ হাজার ৪১৪ রান করে।

মুশফিকের থেকে মাত্র ১ রান বেশি নিয়ে ওয়ানডে, টি-২০'র পর টেস্টেও দেশের পক্ষে সর্বোচ্চ রান করার কীর্তি নিজের করে নেন চট্টগ্রামের ছেলে তামিম। কিন্তু ওয়ানডে অধিনায়ক ইনিংসটা বড় করতে না পারায় তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর আবার নিজের সিংহাসন দখল করে নিয়েছেন।

জোমেল ওয়ারিকেনের বলে ৩৮ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। নিজের দ্বিতীয় রানটি করতেই দেশসেরা বাঁ-হাতি ওপেনার তামিমকে ছাড়িয়ে যান মুশি। থামেন টেস্ট ক্যারিয়ারে নিজের ৪ হাজার ৪৫১ রানে। তামিমের সঙ্গে রানের পার্থক্যটা খুব বেশি নয়।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে আবার তাই তামিমের রেকর্ডটা ভাঙার সুযোগ আছে। ভাঙলে তা পুনরুদ্ধারের সুযোগ আছে মুশফিকের সামনেও। ভাঙা-গড়ার এই খেলায় কোন একজন এই সিরিজে খানিকটা এগিয়ে গেলেও অন্যজনের সুযোগ থাকছে অন্য সিরিজে তাকে টপকানোর। তাদের এই ভাঙা-গড়ার খেলাটা তাই বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।

আরও পড়ুন

×