সলসবার্গের বিদায়, নকআউটে লিভারপুল-নাপোলি
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ১৩:৫৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ১৪:০৭
শেষ আট মৌসুমে সাতবার অস্ট্রিয়ান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন রেড বুল সলসবার্গ। তার আগের কয়েক মৌসুমেও লিগে ছিল ধারাবাহিক। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে ছিল ক্লাবটি। তাদের ঘরের মাঠে জয় পাওয়া সহজ ছিল না জার্গেন ক্লপের দলের জন্য। ম্যাচের প্রথমার্ধে নিজেদের দর্শকদের সামনে দম বের করে ছাড়ে অল রেডসদের।
তবে দ্বিতীয়ার্ধে নেভি কেইটা এবং মোহামেদ সালাহর দুই মিনিটের ঝলকে জয় তুলে নেয় লিভারপুল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৭ মিনিটে সাদিও মানে দারুণ ড্রিবলিং এবং গতি দিয়ে সলসবার্গের বক্সে ঢুকে দারুণ এক ক্রস দেয়। হেড দিয়ে দলকে প্রথম লিড এনে দেন চ্যাম্পিয়নস লিগে শুরুর একাদশে নামা নেভি কেইটা। এক মিনিট পরেই গোলবারের কোনাকুনি দুরত্ব থেকে দারুণ এক গোল করেন মিসরীয় তারকা সালাহ।
ম্যাচের প্রথমার্ধে অল রেডসদের ভয় ধরানোর মতো কিছু আক্রমণ করে সলসবার্গ। লিভারপুলকে ত্রস্ত করে রাখে। তবে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন প্রথমার্ধে দারুণ কিছু সেভ করে দলকে বাঁচান। অন্যদিকে প্রথমার্ধে তিন তিনটি সহজ গোলের সুযোগ মিস করে দলের ওপর চাপ বাড়ান। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত এক গোল করে আলো কেড়ে নিয়েছেন মোহামেদ সালাহ।
গ্রুপ 'ই'র অন্য ম্যাচে গেঙ্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। দলের হয়ে আর্কাদিউজ মিলিক দারুণ এক হ্যাটট্রিক করেন। তার দুর্দান্ত ফুটবলে সহজে শেষ ষোলো নিশ্চিত করে নাপোলি।
ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মিলিক। তিন মিনিটের মাথায় তার গোলে এগিয়ে যায় নাপোলি। ঘরের মাঠে ম্যাচের ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ৩৮ মিনিটে মিলিক পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে দলের হয়ে শেষ গোল করেন দারিস মার্টেনস।
গ্রুপ পর্বের ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে নাপোলি।
