চমক দেওয়া আয়াক্সের বিদায়, উতরে গেল ভ্যালেন্সিয়া-চেলসি
ছবি: ইভেনিং স্ট্যান্ডার্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ১৬:৩২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ১৭:২১
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল ডাচ ক্লাব আয়াক্স। শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ এবং শেষ আটে জুভেন্টাসকে বিদায় করে তারা। খেলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ইউরোপের প্রতিযোগীতায় চকম দেওয়া সেই আয়াক্স এবার গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।
শেষ ম্যাচের আগে গ্রুপ 'এইচ' এর পয়েন্ট টেবিলে শীর্ষেই ছিল তারা। কিন্তু শেষ ম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে তারা।
কষ্টের এই জয়ে গ্রুপ 'এইট' থেকে সেরা হয়ে দ্বিতীয় ধাপে গেছে ভ্যালেন্সিয়া। গ্রুপের অন্য ম্যাচে লিলিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটিও ভ্যালেন্সিয়া-আয়াক্সের মতো বাদ পড়ায় শঙ্কায় ছিল। কিন্তু শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।
গ্রুপ পর্বের প্রথম দেখায় ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ৩-০ গোলে জিতে ফিরেছিল আয়াক্স। ঘরের মাঠে তাই শেষ লড়াইয়ে এগিয়ে ছিল ডাচ ক্লাবটি। কিন্তু ম্যাচে ২৪ মিনিটে রদ্রিগো গোল করে ভ্যালেন্সিয়াকে আনন্দে ভাসান। সেই আনন্দ স্থায়ী হয় ম্যাচের শেষ পর্যন্ত। হেরে যায় আয়াক্স। অবশ্য ম্যাচের যোগ করা সময়ে ভ্যালেন্সিয়ার একজন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
গ্রুপ পর্বের অন্য ম্যাচে চেলসি ট্যামি আব্রাহামের গোলে জিতে দ্বিতীয় ধাপ নিশ্চিত করে। ম্যাচের ১৭ মিনিটে ঘরের মাঠে গোল করেন নাইজেরিয়ান বংশোদ্ভূত ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। প্রথমার্ধেই আরও এক গোল করে ব্লুসরা। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে এক গোল শোধ দেয় লিলি। তাতে অবশ্য শেষ ষোলো আটকায়নি চেলসির।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ 'জি'তে হয়েছে দুর্দান্ত লড়াই। লিপজিক গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচের আগ পর্যন্ত চারে থাকা লিঁও ২-২ গোলে লিপজিগের সঙ্গে সমতা করে শেষ ষোলো নিশ্চিত করেছে। আর গ্রুপে সমান সাত করে পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে বেনফিকা ও জেনিথ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেনফিকা ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জেনিথকে। তারপরও বিদায় নিতো হলো তাদের।
