সেই শ্রীলংকাই খুলছে পাকিস্তানের টেস্ট দুয়ার
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ২১:৪৬
২০০৯; লাহোরের বিভীষিকাময় দিনটি এত তাড়াতাড়ি ভোলার কথা না ক্রিকেটবিশ্বের। লংকান ক্রিকেটারদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাকিস্তান ক্রিকেটে লাগে বিশাল ধাক্কা। লম্বা একটা সময় কোনো দল যায়নি পাকিস্তান সফরে।
অনেক দৌড়ঝাঁপ করে সর্বশেষ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়া পায় তারা। সেবার জিম্বাবুয়ে প্রথম তাদের দেশে অতিথি হয়ে গিয়েছিল। এরপর এক এক করে গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এমনকি সেই শ্রীলংকা বেশ স্বচ্ছন্দেই সিরিজ খেলে ফিরে আসে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের প্রত্যাবর্তন হলেও অধরা থেকে যায় মর্যাদার টেস্ট। শেষমেশ সেই সাদা পোশাকের দুয়ারও খুলতে যাচ্ছে। তাও আবার লংকানদের দিয়ে। আজ বুধবার রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল।
১০ বছরের পথপরিক্রমা। টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্র্যাকেটবন্দি দুই দলকে একই সঙ্গে ভাবতে হবে পয়েন্ট নিয়েও। মোট ১২০ পয়েন্টের সিরিজ। হেলাফেলা করারও কোনো সুযোগ নেই। তাই তো নিরাপত্তার চাদরে থেকে অস্বস্তি প্রকাশ করা শ্রীলংকা চাইলেও খর্বশক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারছে না।
