ওয়ানডে অভিষেকের অপেক্ষায় মায়াঙ্ক
ছবি: হিন্দুস্তান টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫০
মায়াঙ্ক আগরওয়ালের গায়ে জাতীয় দলের জার্সি উঠেছে গত ডিসেম্বরে। এরই মধ্যে নয়টি টেস্টও খেলে ফেলেছেন। তবে সীমিত ওভার ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা করতে হলো পুরো এক বছর। তাও আবার নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের চোটের কারণে। ২৮ বছর বয়সী এই ডানহাতিকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত।
১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজে মায়াঙ্কের ডাক পাওয়া প্রত্যাশিতই ছিল। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষ দুটি ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ভারতের ঘরোয়া সীমিত ওভার টুর্নামেন্টেও ভালো করছিলেন। সম্প্রতি ২০ ওভারি খেলার বিজয় হাজারে ট্রফির ফাইনালে কর্ণাটকের হয়ে ম্যাচজয়ী ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
এ ছাড়া দেওদর ট্রফিতে ভারত এ দলের বিপক্ষে ভারত সি দলের হয়ে সেঞ্চুরিও করেন গত মাসে। মায়াঙ্ক অবশ্য আগেও জাতীয় দলে ওয়ানডের জন্য ডাক পেয়েছিলেন। বিশ্বকাপের সময় বিজয় শঙ্কর চোটে পড়লে বদলি হিসেবে তাকে নেওয়া হয়, যদিও কোনো ম্যাচ শেষ পর্যন্ত খেলা হয়নি। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত ৫০.৯০ গড়ে ৩ হাজার ৮৬৯ রান আছে তার, যার মধ্যে ১৩টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি। ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। ১৮ ও ২২ ডিসেম্বরের ম্যাচ দুটি বিশাখাপত্তম ও কটকে।
ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিষ পাণ্ডে, ঋষভ পন্ত, শিভাম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।
