ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নতুন নিয়ম প্রোটিয়া ক্রিকেটে, পরিচালক স্মিথ

নতুন নিয়ম প্রোটিয়া ক্রিকেটে, পরিচালক স্মিথ
×

ছবি: ক্রিকইনফো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৮

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রথম পরিচালক হলেন দেশটির সাবেক অধিনায়ক এবং ওপেনার গ্রায়েম স্মিথ। তিন মাসের জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। দ্রুতই কাজ শুরু করবেন সাবেক মারকুটে এই ব্যাটসম্যান। দুই সপ্তাহ পরে দক্ষিণ আফ্রিকা সফরে আসবে ইংল্যান্ড। চারটি টেস্ট খেলবে তারা। সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-২০। ওই সিরিজেই শুরু হবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন নিয়ম।

তবে তিন মাস পরেই দায়িত্ব ছেড়ে দেবেন স্মিথ। কারণ আইপিএলের ধারাভাষ্য দেবেন বলে চুক্তিবন্ধ আছেন তিনি। আগামী মার্চে আইপিএল শুরু হবে। ওই দায়িত্ব পালন শেষে তিনি নতুন করে দায়িত্ব নেবেন কি-না সেই সিদ্ধান্ত পরে জানা যাবে। নতুন দায়িত্ব নিয়ে গ্রায়েম স্মিথের প্রধান কাজ বোর্ডের নির্বাচক নিয়োগ দেওয়া এবং প্রধান কোচ ঠিক করা।

ইংল্যান্ড বিশ্বকাপে খারাপ করার পরে নতুন নিয়মে দেশের ক্রিকেট পরিচালনার কথা ভাবে দক্ষিণ আফ্রিকা। তারা ফুটবলের মতো কোচিং পদ্ধতি চালু করার কথা জানায়। বোর্ড প্রধান তথা পরিচালক কোচ নিয়োগ দেবে। সেই কোচ তার কোচিং প্যানেল ঠিক করবেন। ঠিক করবেন দলের অধিনায়কও। এছাড়া মেডিকেল স্টাফও কোচের অধীনে কাজ করবেন।

বোর্ডের পক্ষে একজন টিম ম্যানেজার থাকবেন। তিনিই দল পরিচালনার খবর বোর্ড পরিচালকের কাছে দেবেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নতুন এই পদ্ধতি বিশ্বকাপের পরই অনুমোদন পায়। এবার চালু হলো সেই নিয়ম।

নতুন দায়িত্ব নিয়ে গ্রায়েম স্মিথ বলেন, 'আমি আগেও বলেছি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের কোন কাজে আসতে পারলে ভালো লাগবে। বিশেষ করে নতুন এই নিয়ম চালু করার ক্ষেত্রে আমি পাশে থাকতে চেয়েছি। প্রোটিয়াদের ক্রিকেট নিয়ে আমি আগের মতোই আবেগী। এখন আমার সামনে এই কয়েক সপ্তাহ অনেক কাজ। আমি চেষ্টা করবো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ইতিবাচক অবদান রাখতে।'

আরও পড়ুন

×