প্রথম দিনই রেকর্ড জয় কুমিল্লার
ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১১:০০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ১১:৩৩
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ বেশ জমজমাট হয়েছে। ভালো রান তুলে লড়াই করেছে চট্টগ্রাম এবং সিলেট। শেষ পর্যন্ত জিতেছে চট্টগ্রাম। তবে দ্বিতীয় ম্যাচ হয়েছে একপেশে। প্রথমে ব্যাট করে ধুঁকতে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স শেষ পর্যন্ত সানাকা ঝড়ে বড় রান তোলে। পরে ব্যাট করতে নামা রংপুর রেঞ্জার্সকে ধসিয়ে দেয় ৬৮ রানে। তুলে নেয় বিপিএলের রেকর্ড ১০৫ রানের জয়।
টস জিতে কুমিল্লা অধিনায়ক দাশুন সানাকা প্রথমে ব্যাটিং নেন। হারান শুরুতে উইকেট। পরে সৌম্য সরকার-ডেভিড ম্যালনরা সেট হয়ে ফিরে আসেন। তিনে নামা সৌম্য করেন ২৬ রান। ম্যালানের ব্যাট থেকে আসে ২৫ রান। পরে ব্যাট করতে নেমে ৩১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দাশুন সানাকা। তোলেন নয়টি ছক্কা। শেষ তিন ওভারে ৬৫ রান তোলে তার দল কুমিল্লা। ওই ঝড়ে ভর করে ১৭৩ রান তোলে কুমিল্লা।
জবাব দিতে নামা রংপুরের নাঈম শেখ-লেইস গ্রেগরিরা কুমিল্লার আল আমিন-সৌম্যর বোলিংয়ের জবাব খুঁজে পাননি। মাত্র ১৪ ওভারে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন নাঈম শেখ। তিনি খেলেন ২৭ বল। দলের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান নিতে পারে। বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারে।
এর আগে বিপিএলের ২০১৩ সালের আসরে ১১৯ রানে চিটাগংয়ের কাছে হারে সিলেট। সেবার ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই ধসে যায় তারা। বিপিএলের গত আসরে ঢাকার দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানে হারে খুলনা। এবার বঙ্গবন্ধু বিপিএলে ১০৫ রানে রংপুরকে হারাল কুমিল্লা।
প্রথম ম্যাচে জয় পাওয়া কুমিল্লার হয়ে এ ম্যাচে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন আল-আমিন হোসেন। সৌম্য সরকার এবং সানজামুল ইসলাম নেন দুটি করে উইকেট। মুজিব উর ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান খরচা করে একটি উইকেট দখল করেন। আবু হায়দার রনি নেন একটি উইকেট। দলের হয়ে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা সানকা ম্যাচ সেরা হয়েছেন বলার অপেক্ষা রাখে না।
