ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হারেও তৃপ্তি আছে ল্যাথামের

হারেও তৃপ্তি আছে ল্যাথামের
×

একাই লড়লেন টম ল্যাথাম। তাকে ফেরানোর চেষ্টায় ছিলেন মুস্তাফিজুর রহমানও। যদিও শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত এই কিউই ব্যাটসম্যান। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি২০-তে - বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ২৩:০৫

শেষ বলে ছয় মারলে দারুণ এক জয়ের স্বাদ পেতেন টম ল্যাথাম; কিন্তু পারেননি কিউই অধিনায়ক। তীরে এসেও চার রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে এই হারের মাঝেও কিছু কিছু বিষয়ে তৃপ্তি খুঁজে পেয়েছেন ল্যাথাম। এই যেমন, প্রথম ম্যাচে লজ্জার হার থেকে ঘুরে দাঁড়িয়ে তারা দারুণ লড়াই করেছেন। তার সবচেয়ে বেশি তৃপ্তি ছিল ম্যাচটি শেষ ওভারে নিয়ে যেতে পারায়। আর বিজয়ী অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের।

নিউজিল্যান্ডের এই ঘুরে দাঁড়ানোর পেছনে মূল কারিগর অধিনায়ক ল্যাথাম। বুক চিতিয়ে একাই লড়াই করেছেন তিনি। ৪৯ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ল্যাথাম। অথচ ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি২০ খেলেন না প্রায় চার বছর ধরে। ঘরোয়া টি২০-তেও তিনি নেই আড়াই বছর ধরে। এর পরও মিরপুরের কঠিন উইকেটে ক্যারিয়ারের প্রথম টি২০ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এসব ব্যক্তিগত অর্জনে অবশ্য মোটেও নজর নেই তার।

প্রথম ম্যাচে নিজেদের সর্বনিম্ন টি২০ স্কোর ৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোতে স্বস্তি ল্যাথামের, 'দারুণ একটি ম্যাচ হয়েছে। শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছে। আমার মনে হয়, গত ম্যাচ থেকে আমরা ভালোই শিক্ষা নিয়েছি। ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছি এবং আমাদের জয়ের বেশ ভালো সুযোগ ছিল।' একই সঙ্গে উইকেটেরও প্রশংসা করেছেন তিনি, 'ভালো উইকেট ভালো ম্যাচ উপহার দেয়। আজ এটাই হয়েছে।' তিনি আরও যোগ করেন, 'আমরা যেখানে যেতে চেয়েছিলাম, সেখানে হয়তো যেতে পারিনি। তবে এই উইকেটে ১৩০-১৪০ বেশ ভালো স্কোর। সেটা আমরা প্রায় তাড়া করে ফেলেছিলাম।' ব্যাটিংয়ে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, 'আমার ভূমিকা ছিল শেষ পর্যন্ত ব্যাটিং করা, যেন অন্যরা আরেকটু বিস্ম্ফোরক ব্যাটিং করতে পারে। প্রথম ম্যাচের বিপর্যয়ের পর এভাবে ঘুরে দাঁড়ানোয় আমি ছেলেদের নিয়ে গর্বিত।'

উইকেটের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। তবে কিউইদের ব্যাটিংয়ের সময় উইকেট তুলনামূলক বেশি ভালো ছিল বলে মনে করছেন তিনি, 'আগের ম্যাচের তুলনায় উইকেট আজ ভালো ছিল। তবে দিনের আলোয় আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন স্পিন ধরছিল এবং কিছুটা বাউন্সও হচ্ছিল। বল একটু উঁচু-নিচু হচ্ছিল। কিন্তু আমার মনে হয়, ফ্লাডলাইটের নিচে উইকেটে বেশ ভালো আচরণ করেছে। খেলা যতই এগিয়েছে, উইকেট তত ভালো হয়েছে।'

বোলারদের প্রশংসাও করেছেন তিনি, 'বোলাররা খুবই ভালো বল করেছে। এই উইকেটে ১৪০ রানের পুঁজি নিয়ে তারা দলকে জিতিয়েছে। এটা তাদের কৃতিত্ব।' আর শেষ ওভারে নো বল দেওয়ার পরও নাকি মুস্তাফিজের ওপর তার বিশ্বাস ছিল, 'মুস্তাফিজ বেশ ভালোভাবেই তার স্নায়ু ধরে রাখতে পেরেছিল। আর যেটা হয়েছে (বিমার) সেটা একেবারেই অস্বাভাবিক। তার ওপর আমার পুরোপুরি আস্থা ছিল।'

দুই ওপেনার লিটন ও নাঈমেরও ভূয়সী প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ, 'অস্ট্রেলিয়া সিরিজ থেকে এই উইকেটে নতুন বলে ব্যাটিং করা বেশ কঠিন। এই পিচে বলের সিম যখন শক্ত থাকে, তখন বাউন্স হয়, কিছু বল স্কিড করে। তখন স্পিনও হয়। এমন উইকেটে লিটন ও নাঈম আমাদের আজ দারুণ একটা সূচনা এনে দিয়েছে। যেভাবে তারা গ্যাপ বের করে শট খেলেছে, সেটা দারুণ ছিল।'

আরও পড়ুন

×