বাংলাদেশকে ফিফার জরিমানা
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৭:২৬
বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের ১০ অক্টোবর কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। ২-০ গোলে হারলেও জামাল ভূঁইয়া-মোহাম্মদ ইব্রাহিমরা হৃদয় জয় করেছিলেন সবার। ওই ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও ছিল পরিপূর্ণ। ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য অনেক দর্শকই উচ্ছৃঙ্খল আচরণ করেছিলেন।
গ্যালারির ফেন্সিংয়ে ওঠার চেষ্টা করেছিলেন দর্শকরা। যা নজর এড়ায়নি সেদিন ম্যাচ পরিচালনা করা রেফারির। দর্শকদের গ্যালারির ফেন্সিংয়ে ওঠার ছবিসহ ম্যাচ রেফারি ফিফার কাছে রিপোর্ট করেছেন। তাতেই জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। দর্শকদের এমন আচরণের কারণে ফিফা ১৫ হাজার সুইস ফ্রা (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে বাফুফেকে।
ফিফার জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'গ্যালারির দর্শকরা ফেন্সিংয়ে ওঠার কারণে আমাদের জরিমানা করেছে ফিফা। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একই কারণে জরিমানা গুনতে হয়েছিল ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। আমাদের দর্শকদের এ নিয়ে আরও সচেতন হতে হবে। তা না হলে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে।'
ফিফার সঙ্গে এএফসিও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে তা ফেডারেশনের বিরুদ্ধে নয়, বাফুফের কোচদের বিরুদ্ধে। বাফুফের অফিসে ঠিকমতো উপস্থিত না হওয়ায় মোট ১৫ জন কোচের শাস্তিমূলক বেতন কেটে নিয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিল। বাংলাদেশ ফুটবলে ১৯ জন কোচ আছেন, যাদের বেতন দেয় সরাসরি এএফসি। তাদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।
কোচদের বেতন কাটা নিয়ে বাফুফের সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, 'কোচরা হয়তো অনেক সময় কাজে থাকায় হাজিরা খাতায় সই করতে পারেননি। এজন্য এএফসি বেতন কেটেছে। এ বিষয়ে সবার সচেতন হতে হবে।'
