ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

'ক্রিকেটাররা মনে করে বড় শটই সবকিছু'

'ক্রিকেটাররা মনে করে বড় শটই সবকিছু'
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০১:৫৫

বঙ্গবন্ধু বিপিএলের প্রায় তিন সপ্তাহ আগেই কার্যত সিলেট থান্ডার্সের আসর শেষ। ধুঁকতে থাকা রংপুর রেঞ্জার্স কিংবা কুমিল্লা ওয়ারিয়র্স লিগপর্বে টিকে থাকলেও সিলেটের বিদায় ৩০ ডিসেম্বর লেখা হয়ে গেছে। দলটির দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ হার্শেল গিবসও তাই ব্যথিত। সিলেট থান্ডার্সের সঙ্গে তিন সপ্তাহ কাটানো সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের কাছে দলীয় ব্যর্থতা হারিয়েছে দলকে। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ভাষা বিড়ম্বনার কথাও তুলে ধরলেন তিনি।

গিবসের ইংরেজি বুঝতে না পারা যেমন সমস্যা। তেমনি গিবসকে বোঝাতে না পারাও দলের জন্য সমস্যা সৃষ্টি করছে। প্রোটিয়া কোচ তাই রসিকতার ছলে বলেন, 'পরের বছর ভাষা শিখে আসতে হবে...'। পরেই বলেন, 'আমি যখন কথা বলি, দেখি যে তারা শুনছে। কিন্তু দেখেই বুঝতে পারি যে, এসব তাদের মাথায় ঢুকছে না। অনুধাবন করতে পারছে না।'

অথচ বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ, ব্যাটিং কোচ, ফিজিও দক্ষিণ আফ্রিকান। কাজ করে গেছেন বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্টেও। অন্য দক্ষিণ আফ্রিকানরা কাজ করতে পারলে গিবস কেন পারছেন না? উত্তর জানা নেই এ প্রোটিয়া কোচের, 'আপনাদের (সাংবাদিক) সঙ্গে যেভাবে কথা বলছি, আপনারা বুঝতে পারছেন, ওদের সঙ্গেও এভাবে বুঝিয়ে বলতে পারলে ভালো লাগত।'

শুধু ইংরেজি নয় সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার মনে করেন ম্যাচের ভাষা বুঝতে না পারা, ম্যাচ-পরিস্থিতি মানিয়ে চলার মানসিকতার অভাবও ব্যর্থতার বড় কারণ, 'অনেক সময়ই ছেলেরা একটু বেশি চিন্তা করে ফেলে। তারা ভাবে, বড় শটই সবকিছু। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস কীভাবে গড়া হচ্ছে, মাঠের কোন জায়গা দিয়ে শট খেলব, কখন আক্রমণ করব, কখন নিজেকে সংযত করব, কখন জুটি গড়ব।'

তবে মোহাম্মদ মিঠুনের দুটি ইনিংস মুগ্ধ করেছে গিবসকে, 'তার দুটি ইনিংস গড়ার কথা আমার দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে থাকবে হয়তো; কিন্তু পরের ইনিংসে শূন্য রানে আউট হয়ে গেল। অনেক সময়ই ছেলেরা নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে পারে না।' ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছেন গিবস।

আরও পড়ুন

×