তীর-ধনুকে লক্ষ্যভেদ
একদিন আগে হাকিমের সঙ্গে জুটি বেঁধে দলকে নিয়ে গেছেন ফাইনালে। বুধবার নাসরিন ও বিউটিকে সঙ্গে নিয়ে রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়া দিয়া সিদ্দিকীর নিশানা ভেদের চেষ্টা<br /> সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ | ০১:২৯
অতীতে কখনোই এশিয়ান আরচারিতে কোনো পদক জিততে পারেননি বাংলাদেশের তীরন্দাজরা। মঙ্গলবার রিকার্ভ মিশ্র দৈতে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল ফাইনালে ওঠার পর পদকের নিশ্চয়তা আসে। তবে তার আগেই গতকাল এই চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বাংলাদেশকে প্রথম পদক জয়ের আনন্দে ভাসান আরচাররা। বনানী আর্মি স্টেডিয়ামে সকালে রিকার্ভ নারী দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, বিউটি রায় জুটি ৫-৩ সেট পয়েন্টে ভিয়েতনামকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে। মেয়েদের দেখানো পথ অনুসরণ করে ছেলেরাও। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, রামকৃষ্ণ সাহা ও হাকিম আহমেদ রুবেল মিলে ৬-২ সেট পয়েন্টে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। আগামীকাল সকালে রিকার্ভ মিশ্র দৈত ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে দিয়া-রুবেলের বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আরচারিতে আলো ছড়াচ্ছেন দিয়া সিদ্দিকী। র্যাঙ্কিং রাউন্ডে টোকিও অলিম্পিকের স্কোরকে ছাপিয়ে যাওয়া এ তীরন্দাজের কাছে ব্রোঞ্জ পদকটি আত্মবিশ্বাস আর পরিশ্রমের ফসল, 'আমাদের তিনজনের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা পারব। আমরা অনেক খুশি, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এলো। আপনারা জানেন আমরা ফাইনালে গিয়েছি এবং তিনজনের হাতেই ব্রোঞ্জ মেডেল উঠল।' চেজ গার্ডে সমস্যা অনুভব করা বিউটি হাল ছাড়েননি। লক্ষ্যে ঠিকই তীর মেরেছেন। সাহস না হারানো বিউটি প্রশংসা করলেন কোচ মার্টিন ফ্রেডরিকের, 'ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম, আমার চেজ গার্ডে সমস্যা হচ্ছিল, তখন কোচের দিকে তাকিয়ে ছিলাম। কোচ আমাকে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, এখনও সময় আছে। চেজ গার্ড চেঞ্জ করে আবার মারো। আত্মবিশ্বাস কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে, ভালো এবং সাফল্য অর্জন করব।' বছরজুড়েই আরচারির অনুশীলন চলে টঙ্গীতে। ঈদ, পূজা বা অন্য কোনো উৎসব না এলে ছুটি মেলে না। কঠোর পরিশ্রমের ফসল এই পদক জয় বলে জানিয়েছেন নাসরিন, 'আমরা এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলাম। আমরা টানা এক বছর অনুশীলন করেছি, কোনো ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীলনে নজর দেওয়ায় এখানে তিনজনই ভালো করতে পেরেছি।'
রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আলো ছড়াতে পারেননি। পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় রিকার্ভ মিশ্র দৈতে রোমান সানার পরিবর্তে দিয়ার সঙ্গী করা হয় হাকিমকে। তবে দলগত ইভেন্টে ঠিকই ভালো করে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক জেতাতে মুখ্য ভূমিকা রেখেছেন রোমান, 'আমরা দিন দিন উন্নতি করছি, আমাদের প্রত্যেক খেলোয়াড়ের পরিকল্পনা থাকে ম্যাচ খেলে একটা পদক অর্জন করা। আমরা হয়তো কোরিয়া বা ভারতের মতো ওভাবে শক্তিশালী হতে পারিনি। মার্টিন ফ্রেডরিক আসার পর থেকেই আরও আত্মবিশ্বাসী হয়েছি। কারণ, অনেক টুর্নামেন্ট খেলছি। আমি বলেছিলাম যে, পদক জেতার জন্য এবার আমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে। আমরা সেই স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা এই প্রথম পদক জিতেছি, যা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বড় একটা সাফল্য।'