নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ
অভিনেতা জিৎ। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ২০:১৪
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট প্রদানের পর থেকেই টালিউড অভিনেতা জিৎকে ঘিরে আলোচনা তুঙ্গে। রাজনৈতিক পালাবদলের আবহে তার উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন। বিশেষ করে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে দেখা যাওয়ার পরই শুরু হয় জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেতা?
এই জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিৎ। সহকারীর মাধ্যমে পাঠানো লিখিত বার্তায় তিনি বলেন, ‘জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণকে সম্মান জানিয়ে আমি উপস্থিত ছিলাম। পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানানোও আমার দায়িত্ব বলে মনে করেছি।’
শপথ অনুষ্ঠানে জিতের উপস্থিতি নতুন কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন বলে মনে করিয়ে দেন অভিনেতা।

তার কথায়, ‘আমার এই উপস্থিতিতে রাজনৈতিক রং খোঁজার প্রয়োজন নেই। আমি এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’
সাদা পাঞ্জাবি-চোস্ত এবং গেরুয়া উত্তরীয় পরে শপথ অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দেন জিৎ। মঞ্চে তার উপস্থিতি নজর কাড়ে দর্শক ও আমন্ত্রিতদের। তবে সমস্ত জল্পনার ইতি টেনে অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন—রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত তার নেই।
শপথ অনুষ্ঠানে জিৎ ছাড়াও উপস্থিত ছিলেন অজয় চক্রবর্তী, মমতাশঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পায়েল সরকার, কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, ঋষি চক্রবর্তী, অনুশকা চক্রবর্তীসহ অনেকেই। সূত্র: অনন্দবাজার অনলাইন
