পরমব্রতকে সমর্থন দিয়ে বিপাকে স্বস্তিকা, থানায় জিজ্ঞাসাবাদ
পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৮:৫৪
পাঁচ বছর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় উসকানির অভিযোগে উভয়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এফআইআর দায়েরের পর পুলিশ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে তলব করে। নির্দেশ অনুযায়ী শনিবার দুপুরে তিনি গড়িয়াহাট থানায় হাজিরা দেন। প্রায় এক ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২১ সালে পরমব্রতর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে সমর্থন করে তার করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে স্বস্তিকা কোনও মন্তব্য না করেই থানার বাইরে অপেক্ষারত গাড়িতে উঠে চলে যান।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ সেই পোস্টের প্রতিক্রিয়ায় স্বস্তিকা মন্তব্য করেছিলেন, ‘হাহাহা হোক হোক!’
অভিযোগকারীর দাবি, সে সময় রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য হিংসাত্মক পরিবেশ বাড়িয়ে তোলে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ওই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপটে অভিনেতা-অভিনেত্রীর মন্তব্যকে উসকানিমূলক হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়েছে।
তবে এফআইআর দায়ের হওয়ার পর এখন পর্যন্ত পরমব্রত বা স্বস্তিকা—কেউ প্রকাশ্যে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। স্বস্তিকার হাজিরার পর নজর এখন পরমব্রত চট্টোপাধ্যায়ের দিকে। তিনি কবে পুলিশের সামনে হাজিরা দেন, তা নিয়েই চলছে আলোচনা। সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন
