তথ্যের বিশেষ অনুসন্ধানে কথা বলবে ছবি
সাদি সাবেরিন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২০
দুনিয়ার যে কোনো বিষয়ে তথ্য পেতে চাইলে ওয়ানটাইম স্টপ হিসেবে আবির্ভূত হয় গুগল। এই ব্রাউজারের সার্চবারে কিছু লিখলেই দৃশ্যমান হয় অগণিত তথ্যের পসরা। সময় এখন আধুনিকতার উৎকর্ষে। তাই শুধু লেখা নয়, যে কোনো ছবি থেকে তথ্য সামনে আনে গুগল সার্চ ইঞ্জিন। ছবি থেকে তথ্য অনুসন্ধানে এখন জনপ্রিয় আর ভরসা গুগল লেন্স।
কয়েকভাবে গুগল লেন্স ব্যবহার করার সুবিধা রয়েছে। শুধু ডেস্কটপ নয়, স্মার্ট ডিভাইসে সহজে ব্যবহার করা যায় এই লেন্স। গুগল সার্চবার থেকেও এই পরিষেবার সব ধরনের সুবিধা নেওয়া যায়।
অ্যান্ড্রয়েড বা আইওএস
স্মার্ট ডিভাইসের গুগল বা ক্রোম অ্যাপ খুলে প্রথমে সার্চবারে যেতে হবে। সেখানে ক্যামেরার মতো দৃশ্যমান গুগল লেন্স আইকন পাওয়া যাবে। ওই অংশ ক্লিক করলে ক্যামেরা সচল হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় জিনিসের ছবি তুলে গুগলের মাধ্যমে সার্চ করা যাবে। তা ছাড়া ফোনের গ্যালারি থেকে কোনো ছবি আপলোড করে সে-সংক্রান্ত তথ্যের অনুসন্ধান করা যাবে।
ডেস্কটপে গুগল লেন্স
আগ্রহীরা ক্রোম ব্রাউজারে সরাসরি এই পরিষেবা নিতে পারবেন। প্রথমে কোনো ওয়েবসাইটে যেতে হবে। সেখানে অ্যাড্রেস বারে গুগল লেন্স আইকন দৃশ্যমান হবে। ওই অংশ ক্লিক করলে বা পাশের থ্রি ডট মেন্যুতে গিয়ে ক্লিক করলে ড্রপবক্সের নিচের অংশে সার্চ উইথ গুগল লেন্স অপশন সামনে আসবে। এতে ক্লিক করলে স্নিপিং টুল দৃশ্যমান হবে। এর মাধ্যমে পেজের কোনো অংশের ছবি বা টেক্সট নির্বাচন করলেই পাশের উইন্ডো অংশে ওই ছবির তথ্যসহ সব ধরনের লিঙ্ক হাজির করবে গুগল।
- বিষয় :
- অনুসন্ধান
