ইউটিউব প্রিমিয়াম পরিষেবায় শর্ত আরোপের শঙ্কা
হাসনাত জুয়েল
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:৫৪
বিজ্ঞাপন ছাড়া ইউটিউব উপভোগ করতে আগ্রহীরা ইউটিউব প্রিমিয়াম সংস্করণের সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে থাকেন। একই পরিবারের অনেকে একসঙ্গে ব্যবহারের জন্য রয়েছে ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলি প্ল্যান। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে পাসওয়ার্ড বিনিময়ে বাইরের যে কেউ প্ল্যানের সুবিধা নেওয়ার ঘটনা চিহ্নিত হয়েছে। একে প্রতিহত করার পদ্ধতি হিসেবে নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে নিয়মের কড়াকড়ি আনা হয়। পরিষেবা স্থান একই ঠিকানায় না থাকলে পরিবারের সদস্যের একই সঙ্গে ব্যবহার করার এই প্ল্যান কার্যকর হবে না।
মার্কেটিং বিশ্লেষকরা বলছেন, অনেকটা এমন পথ অনুসরণ করেই নেটফ্লিক্সের মতো কৌশলী হতে ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলি প্যাকেজে কাটছাঁট আনছে বলে জানা গেছে।
কয়েকজন প্রিমিয়াম ফ্যামিলি প্ল্যানের গ্রাহক ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ইতোমধ্যে প্ল্যান পরিবর্তনের বিষয়ে আগাম ই-মেইল পেয়েছেন। নতুন প্ল্যানে পরিষেবায় সীমাবদ্ধতা টানা হবে, তা প্রায় নিশ্চিত। নতুন পরিকল্পনায় পরিষেবা নির্দিষ্ট ঠিকানা ও সীমার বাইরে চলে গেলে প্রিমিয়াম গ্রাহকের ১৪ দিনের মধ্যে প্ল্যান ‘পজ’ হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।
জানা গেছে, ৩০ দিন পরপর প্ল্যানের বিষয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে যাচাই-বাছাই করা হবে। এমন যাচাই পদ্ধতিতে কোনো নম্বর শনাক্ত (ফ্ল্যাগ) হলেই বিচ্ছিন্ন হতে পারে পরিষেবা। যদিও ইউটিউব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এসব প্ল্যান বিন্যাসের নীতির বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেনি।
- বিষয় :
- ইউটিউব
